এবার বাড়ল লঞ্চের ভাড়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটারের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বৃদ্ধির এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন।
ভাড়া বৃদ্ধির কারণ ও নতুন হার
নৌপরিবহনমন্ত্রী জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সার্বিক ব্যবস্থাপনা ব্যয় বেড়ে যাওয়ার অজুহাতে লঞ্চ মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি তুলেছিলেন। তবে সাধারণ যাত্রীদের আর্থিক কথা বিবেচনা করে মালিকদের দাবি কমিয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ
মন্ত্রী আরও বলেন, ‘ভাড়া বৃদ্ধি কখনো কাম্য নয়, তবে বৈশ্বিক পরিস্থিতিতে তেলের দাম বাড়ায় আমাদেরও এই সিদ্ধান্ত নিতে হয়েছে। জনদুর্ভোগের বিষয়টি মাথায় রেখেই সর্বনিম্ন ভাড়া সহনীয় রাখার চেষ্টা করা হয়েছে। তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কেউ যাতে ভাড়া নিয়ে নৈরাজ্য বা স্বেচ্ছাচারিতা করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।’
এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে জানান, সিএনজির দাম বাড়েনি বিধায় সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। অতিরিক্ত ভাড়া আদায়ের সুনির্দিষ্ট তথ্য পেলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মালিক সমিতির প্রতিক্রিয়া
লঞ্চ ভাড়ার নতুন এই হার সম্পর্কে অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতি গোলাম নবী আলমগীর জানান, মালিকপক্ষের দাবি আরও বেশি থাকলেও দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
নতুন হার অনুযায়ী:
প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত: প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ১৮ পয়সা করা হয়েছে।
১০০ কিলোমিটারের বেশি দূরত্বে: প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭২ পয়সা করা হয়েছে।
