×

জাতীয়

পুলিশের নতুন ইউনিটের শাখা থাকবে যেসব এলাকায়

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

পুলিশের নতুন ইউনিটের শাখা থাকবে যেসব এলাকায়

ছবি : সংগৃহীত

সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে আগামী সপ্তাহে পৃথক ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এই ইউনিটের শাখা মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে থাকবে। পাশাপাশি থানা ও জেলা পর্যায়ে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম দিয়ে ইউনিটকে শক্তিশালী করা হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে পুলিশের জন্য আলাদা সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে। এই ইউনিটের নেতৃত্বে একজন অতিরিক্ত আইজিপি থাকবেন। পুলিশ সদর দপ্তরে এ পদ না থাকলে তা নতুন করে সৃষ্টি করা হবে বলেও জানান তিনি।

তিনি জানান, নতুন ইউনিটের শাখা সব মেট্রোপলিটন, বিভাগ ও জেলা পর্যায়ে থাকবে। থানা ও জেলা পর্যায়ে সাইবার অপরাধ মোকাবিলায় আধুনিক যন্ত্রপাতি সরবরাহ করা হবে। বড় আকারের ফরেনসিক ল্যাব এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা সদর দপ্তর ও বিভাগীয় পর্যায়ে রাখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক সপ্তাহ আগেই এ বিষয়ে প্রকল্প প্রণয়নের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব সাইবার অপরাধ জটিল ও বড় পরিসরের হবে, সেগুলো কেন্দ্রীয় পর্যায়ে আনা হবে। আর থানা, জেলা বা বিভাগীয় পর্যায়ে বিশ্লেষণ করা সম্ভব এমন ঘটনাগুলো সংশ্লিষ্ট পর্যায়েই মোকাবিলা করা হবে।

পুলিশে জনবল নিয়োগের বিষয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন পদে ব্যাপকহারে কর্মকর্তা ও সদস্য নিয়োগ দেওয়া হবে।

বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনীতে পরিণত করার ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় স্বতন্ত্র ইউনিট চালুর পাশাপাশি পুলিশ সদস্যদের প্রশিক্ষণ, প্রযুক্তি ও সরঞ্জাম বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।

তবে প্রযুক্তির পাশাপাশি জনগণের আস্থা অর্জনকেও পুলিশের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি। তার ভাষায়, প্রযুক্তি যতই আধুনিক হোক, মানুষের আস্থা ছাড়া কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দীর্ঘমেয়াদে কার্যকর ভূমিকা রাখতে পারে না।

পুলিশের সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন ও কল্যাণে সরকার গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রশিক্ষণ, প্রযুক্তি, সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

ভাইরাল স্ক্রিনশট নিয়ে যা বললেন ছাত্রদল নেতা হামিম

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

নতুন উপাচার্যকে লাল কার্ড দেখাল চুয়েটের শিক্ষার্থীরা

নতুন উপাচার্যকে লাল কার্ড দেখাল চুয়েটের শিক্ষার্থীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App