কাল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পিএম
ছবি: সংগৃহীত
আগামীকাল (রোববার) শেষ হচ্ছে আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন শাখার কর্মকর্তারা বিষয়টি জানান।
এ নির্বাচনে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া, উপজেলা নির্বাচন অফিসার ভুল্লি।
আরো পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন নিয়ে ইসির চিঠি
তফসিল অনুযায়ী, ২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বাছাইয়ের তারিখ ২৯ সেপ্টেম্বর।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর। আপিল নিষ্পত্তি ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহার ৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ৮ অক্টেবর। আর ভোটগ্রহণ ২৯ অক্টোবর।
গত ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এতে বলা হয়- সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
