×

জাতীয়

রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড : প্রতিমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পিএম

রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড : প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর স্ত্রীসহ দেশের সব পরিবারের নারীপ্রধান সদস্য ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারের প্রত্যেক নারীপ্রধানকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানও এই কার্ডের আওতায় আসবেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে সম্প্রসারণ করা হচ্ছে। শুরুতে হতদরিদ্র, এরপর নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সব শ্রেণির পরিবারকে এর আওতায় আনা হবে। ‘ইউনিভার্সাল’ অর্থে কোনো পরিবারই এই কর্মসূচি থেকে বাদ যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

নিজের স্ত্রী, জেলা পরিষদ প্রশাসকের স্ত্রী, নারী সংসদ সদস্য ও জেলা প্রশাসকের পরিবারের উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড সবার জন্য। এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী বাস্তবায়ন করা হচ্ছে।

কৃষক কার্ড নিয়েও সরকারের পরিকল্পনার কথা জানান মীর শাহে আলম। তিনি বলেন, চার বছরের মধ্যে প্রথম পর্যায়ে দুই কোটি ১০ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। ভূমিহীন, প্রান্তিক, মধ্যম ও উচ্চ এই চার শ্রেণির ভিত্তিতে কার্ড বিতরণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, ৫০ বা ১০০ বিঘা জমির মালিক কৃষকরাও কৃষক কার্ডের সুবিধা পাবেন। কার্ড পাওয়ার জন্য কাউকে তদবির করতে হবে না বলেও জানান তিনি।

ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের সাড়ে তিন লাখ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং মন্দির-প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুদের চার বছরের মধ্যে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সম্মানী ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

মীর শাহে আলম জানান, কিছু এলাকায় এরই মধ্যে পাইলট আকারে কার্যক্রম শুরু হয়েছে। মাসের প্রথম সপ্তাহে সম্মানী ভাতার অর্থ সংশ্লিষ্টদের মোবাইল অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা রয়েছে।

স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এক লাখ ‘স্বাস্থ্য আপা’ নিয়োগের পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। তারা গ্রামে গ্রামে গিয়ে মানুষের স্বাস্থ্যসংক্রান্ত খোঁজখবর নেওয়া, ওষুধ দেওয়া ও চিকিৎসাসেবা দেওয়ার কাজে যুক্ত থাকবেন বলে জানান তিনি।

খেলাধুলাকে শিক্ষার সঙ্গে যুক্ত করার পরিকল্পনার কথাও বলেন মীর শাহে আলম। স্কুলের পাঠ্যক্রমে খেলাধুলাকে আরও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ভাষা শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের বেকার জনগোষ্ঠীর জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

এদিন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের পৈতৃক বাড়ি, আবু সাঈদ ফাউন্ডেশন ও কবরস্থানের অবকাঠামো সম্প্রসারণে এক কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী। এ অর্থ দিয়ে কাজ বাস্তবায়নে রংপুর জেলা পরিষদকে নির্দেশনাও দেন তিনি।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সী, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত সুলতানাসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

কেন বাংলাদেশের বিমান আটকে দিয়েছিল, ব্যাখ্যা দিল পাকিস্তান

কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

একাদশে ভর্তি কলেজ বদলাতে চাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

বাংলাদেশকে দুঃসংবাদ দিল কাতার

বাংলাদেশকে দুঃসংবাদ দিল কাতার

বাংলাদেশ-ভারত সম্পর্কে যে চ্যালেঞ্জের কথা বললেন হুমায়ুন কবির

বাংলাদেশ-ভারত সম্পর্কে যে চ্যালেঞ্জের কথা বললেন হুমায়ুন কবির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App