×

জাতীয়

কার্ড-চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: মীর শাহে আলম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

কার্ড-চাকরি দেব, বিনিময়ে ধানের শীষে ভোট দিতে হবে: মীর শাহে আলম

ছবি : সংগৃহীত

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, চাকরি ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সুযোগ-সুবিধা দেওয়ার বিনিময়ে ধানের শীষের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেছেন, বিদ্যুৎ-গ্যাস, রাস্তাঘাট, শিক্ষা, খেলাধুলাসহ উন্নয়ন কর্মকাণ্ডের বাস্তব চিত্র তুলে ধরে জনগণের কাছে আবারও ভোট চাইবে বিএনপি। তবে ‘বেহেশতের লোভ’ দেখিয়ে ভোট চাওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

জেলা পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের ঘর নির্মাণ ও পুনর্বাসনের কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় পরিবারপ্রতি ৩০ হাজার টাকা করে মোট ১ কোটি ৫৩ লাখ টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মীর শাহে আলম বলেন, সরকারের যেখানে ব্যর্থতা রয়েছে, সেখানেই তারা দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন। জনগণের সঙ্গে তাদের আত্মার সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির উন্নয়নে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে জানিয়ে তিনি বলেন, এসব সমস্যার সমাধান করে পাঁচ বছর পর আবার জনগণের কাছে ভোট চাইতে যাবে সরকার।

বাঁশখালীর উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ২২ কিলোমিটার সড়কের জন্য ২২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একটি রাজনৈতিক সরকার এলাকার মানুষের উন্নয়নে কাজ করে এবং এর সঙ্গে রাজনৈতিক স্বার্থও জড়িত থাকে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিএনপির মনোনীত প্রার্থীদের সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র নির্বাচিত করলে এলাকার উন্নয়ন অব্যাহত থাকবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল থেকে যাদের মনোনয়ন দেওয়া হবে, তাদের নির্বাচিত করার আহ্বানও জানান তিনি।

মীর শাহে আলম আরও বলেন, বিএনপির প্রার্থী উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র নির্বাচিত হলে এলাকার রাস্তা, দরগা ও অন্যান্য উন্নয়নকাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে। রাজনৈতিক সরকারের সঙ্গে জনগণের ‘লেনদেনের সম্পর্ক’ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, চাকরি, স্বাস্থ্যসেবা, খাল খনন, রাস্তা ও সেতুসহ অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এর বিনিময়ে ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়াই তাদের প্রত্যাশা। তিনি বলেন, ভোট না দিলে সরকার ও তারা অসন্তুষ্ট হবেন এবং ভবিষ্যতে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে আসবেন না।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে মীর শাহে আলম বলেন, দেশে একটি রাজনৈতিক দল ধর্মকে ব্যবহার করে ভোট চায়। ওই দল এ অঞ্চলেও ‘বেহেশতে নিয়ে যাওয়ার’ কথা বলে ভোট চেয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

তবে বিএনপি বেহেশতের নিশ্চয়তা দিতে পারবে না জানিয়ে তিনি বলেন, ধর্মীয় বিধান অনুসরণ করেই মানুষকে পরকালের মুক্তির পথ খুঁজতে হবে। বিএনপি বরং জনগণকে উন্নয়নের নিশ্চয়তা দিতে চায় বলে মন্তব্য করেন তিনি।

এ সময় ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সরকারের সময়ে জামায়াতের দুই নেতাকে মন্ত্রী করার প্রসঙ্গও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তার দাবি, সে সময় জামায়াতের নেতাদের ‘রাজাকার’ পরিচয় থেকে বের করে আনার চেষ্টা করা হয়েছিল। বর্তমানে জামায়াত বিষয়টি ভুলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার মো. মাসুদ আলম, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন এবং বিএনপি নেতা মিশকাতুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মিলল আবাসিক হোটেলে

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মিলল আবাসিক হোটেলে

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে বিচার জনগণের: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদির

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App