৭২ শিক্ষানবিশ এএসপিকে বিভিন্ন ইউনিটে পদায়ন
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২০ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের ৭২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) দেশের বিভিন্ন জেলা ও ইউনিটে বদলি, পদায়ন ও সংযুক্ত করা হয়েছে। প্রশিক্ষণ শেষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কর্মস্থলে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-৩ শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত আদেশে শিক্ষানবিশ এএসপিদের নতুন কর্মস্থলের তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ৭২ শিক্ষানবিশ এএসপির মধ্যে ২৮ জনকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, গাজীপুর ও রাজশাহী মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদের সিআইডি, পিবিআই, এপিবিএন, শিল্পাঞ্চল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ হেডকোয়ার্টার্স এবং বিভিন্ন রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পদায়ন পাওয়া কর্মকর্তাদের মধ্যে এম এম তারিক-উল্লাহ, মো. রাইসুল ইসলাম, শাওন রেজা ও মো. আশিকুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার করা হয়েছে। মো. জামাল হোসেনকে বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) সহকারী কমিশনার এবং শাহেদুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
মো. মোকছেদুল মমিনকে সিআইডি, আশীষ কুমার বিশ্বাসকে এপিবিএন এবং রিয়াজ খানকে শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার করা হয়েছে। মেহেদী হাসান আমজাদ ও হাসিবুল হাসান শিপনকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার এবং তানভীর আহমেদ ও মোহাম্মদ মোতাইনুল ইসলামকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার করা হয়েছে।
এ ছাড়া মো. আবদুল্লাহ আল সাদমানকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সহকারী কমিশনার, মো. মনজুরুল আলমকে রেঞ্জ ডিআইজি কার্যালয়, রংপুরের সহকারী পুলিশ সুপার এবং সরকার ফরহাদ আহমেদকে সিএমপির সহকারী কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে কয়েকজন শিক্ষানবিশ এএসপিকে পুলিশ হেডকোয়ার্টার্সে ট্রেনিং রিজার্ভ (টিআর) পদে সংযুক্ত করে সাইবার পুলিশ ইউনিটে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মো. আবু সিয়াম, মো. সাব্বির আহমেদ, মিয়াজী আলিফ ইমরান, মো. মাকসুদুল হাসান, নাজমুল সাদাত, মো. লতিফুল হাসান বাঁধন ও মো. হাদিউল ইসলাম।
অন্যদের মধ্যে তানভীর আহমেদকে সিআইডি, মো. রুহুল আমিন হাওলাদার ও মো. মোহসিন আহমেদকে এপিবিএন, মো. ফাহিম ফয়সালকে ট্যুরিস্ট পুলিশ এবং তোফাজ্জল হোছাইন সুমন ও রূপম দেবনাথকে পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তানজিনা সুলতানা, বিপ্লব কুমার নন্দী, মো. শাহিন আলম শাওন ও প্রকৃতি ইসলামকে যথাক্রমে সিএমপি, সিএমপি, ডিএমপি ও জিএমপির সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে। পাশাপাশি ত্রয়ী চাকমাকে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার এবং মো. মাজহারুল ইসলামকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা নিজ নিজ জেলায় বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষ করার পর বদলি হওয়া কর্মস্থলে যোগদান করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের এসব পদে দায়িত্ব পালন করতে হবে।
