প্রধানমন্ত্রী
‘প্রকৃতি ও পশুপাখির প্রতিও শিশুদের মানবিক হতে হবে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পিএম
শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
শিশুদের শুধু পড়াশোনা, খেলাধুলা, শিল্প-সংস্কৃতি কিংবা ভাষাজ্ঞানে দক্ষ করে তুললেই চলবে না, তাদের প্রকৃত অর্থে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ শিশু একাডেমিতে শিশু অধিকার দিবস-২০২৬ এবং একাডেমির সুবর্ণজয়ন্তী (৫০ বছর পূর্তি) অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “তোমাদের অনেক দায়িত্ব পালন করতে হবে। শুধু পড়ালেখা শিখলে হবে না, শুধু খেলাধুলায় ভালো হলেই হবে না। শুধু শিল্প-সংস্কৃতিতে ভালো হলে চলবে না কিংবা দুটির বদলে তিনটি বা চারটি ভাষা জানলেও যথেষ্ট নয়। তোমাদের সত্যিকারের মানবিক মানুষ হতে হবে। দেশের প্রকৃতি এবং পশুপাখির প্রতিও তোমাদের সংবেদনশীল ও মানবিক হতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। যেখানে মানুষ শুধু মানুষের প্রতি নয়, বরং প্রকৃতি ও তার সৃষ্টির প্রতিও সহানুভূতিশীল হবে। আমি বিশ্বাস করি, তোমরা তা করতে সক্ষম হবে।”
আরও পড়ুন: শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
শিশুদের গাছপালা ও পশুপাখির যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “তোমরা যখন বড় হচ্ছ, তোমাদের আশপাশের প্রকৃতির যত্ন নিয়ো। বাড়ির পাশে বা স্কুলের আঙিনায় যে গাছটি তোমাদের মতোই ধীরে ধীরে বড় হচ্ছে, তাকে পানি দিয়ে এবং পরিচর্যা করে বড় হতে সাহায্য করো।”
পশুপাখির প্রতি সদয় হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, “তোমাদের বাসা বা স্কুলের আশপাশে নানা পশুপাখি রয়েছে। এগুলো আমাদের দেশেরই সম্পদ, অর্থাৎ তোমাদেরই সম্পদ। তাই এদের প্রতি সদয় হও, তাদের প্রতি দয়া দেখাও এবং সাধ্যমতো সহযোগিতা করো।”
এ সময় অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানকে এই বোধটুকু ও অনুভূতি দিন, যাতে তারা প্রকৃতি এবং পশুপাখির প্রতি দয়ালু ও সংবেদনশীল হয়ে ওঠে।”
