চুক্তি স্বাক্ষর
১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) আগামী ১৫ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পেল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’। কোম্পানিটির সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চূড়ান্ত কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্টমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ উভয় পক্ষ ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর প্রধান চারটি টার্মিনালের মধ্যে এনসিটি হলো সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। সদ্য সমাপ্ত অর্থবছরে এই টার্মিনালের মাধ্যমে রেকর্ড প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক (টিইইউস) কনটেইনার পরিবহন করা হয়েছে, যা চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪৪ শতাংশ।
চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ডিপি ওয়ার্ল্ডের কাছে নতুন করে টার্মিনাল পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার অন্তর্বর্তীকালীন সময়ে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ‘চিটাগং ড্রাই ডক লিমিটেড’ টার্মিনালটির পরিচালন কার্যক্রম স্বাভাবিক রাখবে।
চট্টগ্রাম বন্দরের অন্য তিনটি প্রধান টার্মিনালের মধ্যে জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ও চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) দেশীয় অপারেটরদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। অন্যদিকে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের (পিসিটি) পরিচালনার দায়িত্বে রয়েছে সৌদি আরবভিত্তিক চেইন অপারেটর ‘রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল’ (আরএসজিটিআই)। ডিপি ওয়ার্ল্ড যুক্ত হওয়ায় চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতা আন্তর্জাতিক মানে পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
