অধ্যাপক ইউনূস
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নভেম্বরেই গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম
ফাইল ছবি
দেশজুড়ে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় পরিকল্পিতভাবে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত বলে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে দাবি করেছেন তিনি। একই সঙ্গে হামলা বন্ধ, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতাদের নিরাপত্তা নিশ্চিত এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলেন ড. মুহাম্মদ ইউনূস।
বিবৃতিতে তিনি বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় পরিকল্পিতভাবে পেট্রোল বোমা হামলা চালানো হচ্ছে। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ড. ইউনূস বলেন, স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি গ্রামীণ ব্যাংক শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে। হামলার ধরন দেখে মনে হচ্ছে, অপরাধীদের প্রতিদিন এ ধরনের হামলার নির্দেশ দেওয়া হচ্ছে।
গ্রামীণ ব্যাংকের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠানটি দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। চলতি বছর ব্যাংকটির প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদ্যাপিত হচ্ছে। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও অধ্যাপক মুহাম্মদ ইউনূস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতারাই প্রতিষ্ঠানটির মালিক। ফলে ব্যাংকটির ওপর হামলা মানে এসব নারীর নিরাপত্তা ও স্বাধীনতার পাশাপাশি তাঁদের সন্তানদের ভবিষ্যতের ওপরও সরাসরি আঘাত।
অধ্যাপক ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা কয়েকটি ঘটনায় অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় লাখ লাখ গ্রামীণ নারীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁদের পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা এবং দৈনন্দিন জীবনের নানা প্রয়োজন মেটাতে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আরও বলেন, সহিংসতার ঘটনা শুধু গ্রামীণ ব্যাংকের শাখায় সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানে সম্মুখসারিতে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়ি এবং তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।
গ্রামীণ ব্যাংকের মালিকানা ও পরিচালনা নিয়ে প্রচারিত বিভিন্ন বক্তব্যেরও প্রতিবাদ জানান ড. ইউনূস। তিনি বলেন, ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে। এরপর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এমনকি ব্যাংকটির কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।
বিবৃতিতে আরও বলা হয়, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আরও জোরদার নিরাপত্তা চাওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ায় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
ড. ইউনূসের মতে, গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা শুধু একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ওপর আঘাত নয়, বরং দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়ে তোলার সম্মিলিত প্রচেষ্টার ওপরও সরাসরি আঘাত। দরিদ্র নারীদের মালিকানাধীন এই প্রতিষ্ঠান রক্ষায় সবাইকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
