গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৮:১১ পিএম
ছবি : সংগৃহীত
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা গেজেটে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় দেওয়া ক্ষমতাবলে এবং একই আইনের ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের জন্য গার্মেন্টস শিল্পের নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
গেজেট অনুযায়ী, বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিনকে মালিকপক্ষের প্রতিনিধি এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদকে বোর্ডের নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুবকে মালিকদের প্রতিনিধিত্বকারী সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নতুন এই বোর্ডের মাধ্যমে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
