আফগানিস্তান প্রিমিয়ার লিগের নিলামে সাকিবসহ ১০ বাংলাদেশি ক্রিকেটার
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম
ফাইল ছবি
প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)। পাঁচ দলের অংশগ্রহণে আগামী ২৭ ডিসেম্বর শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি। আসরকে সামনে রেখে আগামী ৩ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে খেলোয়াড়দের ড্রাফট।
ড্রাফটের আগে প্লাটিনাম ও ডায়মন্ড—সর্বোচ্চ দুটি ক্যাটাগরিতে থাকা বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এতে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানসহ জায়গা পেয়েছেন মোট ১০ বাংলাদেশি ক্রিকেটার।
প্রকাশিত তালিকা অনুযায়ী, প্লাটিনাম ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। তাঁরা হলেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম ও রিশাদ হোসেন।
এই ক্যাটাগরিতে তাঁদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের পরিচিত মুখ ওয়ানিন্দু হাসারাঙ্গা, মঈন আলী, রাসি ভ্যান ডার ডাসেন, রভম্যান পাওয়েল, অ্যালেক্স হেলস, জেসন রয় ও জেমস ভিন্সের মতো তারকারা।
অন্যদিকে ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব আল হাসানসহ বাংলাদেশের আরও চার ক্রিকেটার। তাঁরা হলেন তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও লিটন দাস। এই ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ডেভিড মালান, জেইডেন সিলস, সিকান্দার রাজা, রাইলি রুশো ও রিস টপলি।
আরও পড়ুন: তিন ফরম্যাটেই একাধিক সেঞ্চুরির রেকর্ড ইংলিসের
ড্রাফটের আগেই টুর্নামেন্টের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত করা হয়েছে। দলগুলো হলো—একসেল ইউনাইটেড কাবুল, কান্দাহার ওয়ারিয়র্স, টিম নানগাহার, টিম বালখ ও টিম পাকতিয়া।
এ ছাড়া পাঁচ দলের অধিনায়কের নামও নির্ধারণ করা হয়েছে। দলগুলোর নেতৃত্বে থাকবেন রশিদ খান, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ।
প্রথমবারের এই আসরকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশের খেলোয়াড়দের প্রতিও ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, ৩ নভেম্বরের ড্রাফটে কোন দল পান সাকিবসহ বাংলাদেশের ১০ ক্রিকেটার।
