৩ দিনের মধ্যে ৩৫৭ কর্মকর্তার তথ্য চায় পুলিশ সদরদপ্তর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম
ছবি : সংগৃহীত
বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ও ৩১তম ব্যাচের ৩৫৭ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং বিভাগীয় শৃঙ্খলাসংক্রান্ত তথ্য চেয়েছে পুলিশ সদরদপ্তর। আগামী তিন দিনের মধ্যে এসব তথ্য পাঠাতে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের ক্রাইম অ্যানালাইসিস শাখা থেকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠি অনুযায়ী, তালিকায় ৩০তম বিসিএসের ১৭৯ জন এবং ৩১তম বিসিএসের ১৭৮ জন কর্মকর্তা রয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা থাকলে তার সর্বশেষ অবস্থা জানাতে বলা হয়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যে হার্ডকপি ও সফটকপি আকারে এসব তথ্য পাঠাতে হবে।
এআইজি (ক্রাইম অ্যানালাইসিস) মোহাম্মদ সাইফুল্লাহ স্বাক্ষরিত চিঠিটি ঢাকা মহানগর পুলিশ কমিশনার, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজি, বিভিন্ন রেঞ্জের ডিআইজি এবং মহানগর পুলিশ কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের পারসোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভাগীয় শৃঙ্খলা ও ফৌজদারি মামলা-সংক্রান্ত তথ্য জরুরি ভিত্তিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
তালিকাভুক্ত ৩৫৭ কর্মকর্তা সবাই অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার। তারা পুলিশ সদরদপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রেঞ্জ পুলিশ, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারসহ বিভিন্ন ইউনিটে কর্মরত।
নথিতে কয়েকজন কর্মকর্তার বর্তমান কর্মস্থলের পাশাপাশি বিশেষ অবস্থার তথ্যও উল্লেখ করা হয়েছে। তালিকায় একজনকে সাময়িক বরখাস্ত হিসেবে দেখানো হয়েছে। আরেক কর্মকর্তার সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে প্রেষণে নিয়োগের তথ্য রয়েছে।
তবে তালিকাভুক্ত ৩৫৭ কর্মকর্তার সবার বিরুদ্ধে মামলা রয়েছে—এমন কোনো তথ্য বা অভিযোগের সত্যতা চিঠিতে উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না এবং থাকলে তার সর্বশেষ অবস্থা জানতেই পুলিশ সদরদপ্তর এ তথ্য চেয়েছে।
