থমথমে গাজীপুর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১১:৫৩ এএম
ছবি : সংগৃহীত
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। চলমান আন্দোলনকে কেন্দ্র করে শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিকদের চলমান বিক্ষোভের কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন।
জেলা প্রশাসক আরও বলেন, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ এবং সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা মাঠে অবস্থান নিয়েছেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।
এদিকে সোমবার সকাল থেকেই শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (এসপি) আমজাদ হোসেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে প্রায় দেড় হাজার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নেন। তাঁদের অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
ন্যূনতম বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
এর আগে রোববার বিক্ষোভ চলাকালে পুলিশ বক্স, একটি কারখানার গুদাম ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কয়েক দফা সংঘর্ষ হয়। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন। এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
শ্রমিক আন্দোলনের প্রভাবে গাজীপুর ও সাভারের মোট ২৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
