পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো কার্যকর ডিসেম্বর থেকে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম
ছবি: সংগৃহীত
পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো ডিসেম্বরের মধ্যেই কার্যকর করা হবে বলে জানিয়েছে সরকার গঠিত নিম্নতম মজুরি বোর্ড। আগামী জানুয়ারি থেকে নতুন কাঠামো অনুযায়ী শ্রমিকদের বেতন দেওয়ার বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষ একমত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বোর্ডের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।
তিনি বলেন, আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের দাবি-দাওয়া লিখিতভাবে জমা দেবেন। ডিসেম্বরের মধ্যেই নতুন মজুরি কাঠামো কার্যকর করা হবে এবং জানুয়ারি থেকে সেই কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
উৎপাদন কার্যক্রম সচল রাখতে শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান বাবুল আখতার। তিনি বলেন, শ্রমিকদের মজুরি নির্ধারণে সরকার কাজ করছে।
বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগের মতো এবার আর কালক্ষেপণ করা হবে না। দ্রুততম সময়ের মধ্যে নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হবে।
মালিকপক্ষের প্রতিনিধিও ডিসেম্বরের মধ্যে বেতন বাড়ানোর প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানিয়েছেন। এ বিষয়ে কোনো দ্বিধা নেই বলেও জানান তিনি।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের চলমান বিক্ষোভের মধ্যে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
