সচিবালয়ে নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম
ফাইল ছবি
প্রধানমন্ত্রী নিয়মিত সচিবালয়ে অফিস করায় প্রশাসনের প্রাণকেন্দ্রটির নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সচিবালয়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে প্রবেশের পাশাপাশি ভেতরে অবস্থানকালেও সার্বক্ষণিক দৃশ্যমান স্থানে পরিচয়পত্র (আইডি কার্ড) রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে এ নির্দেশনা জারি করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত চিঠিটি সচিবালয়ের সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিবদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সচিবালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রবেশ কার্ড দৃশ্যমান স্থানে প্রদর্শন করা প্রয়োজন।
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো কার্যকর ডিসেম্বর থেকে
এতে আরও উল্লেখ করা হয়, সচিবালয়ে স্থায়ী ও অস্থায়ী প্রবেশ কার্ডধারীদের পাশাপাশি বিভিন্ন সভায় অংশ নিতে আসা ব্যক্তি এবং ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে দর্শনার্থীরাও প্রবেশ করেন। বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে পরিচয়পত্র দৃশ্যমান রাখা জরুরি হয়ে পড়েছে।
এ অবস্থায় সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র সার্বক্ষণিক দৃশ্যমান রাখার নির্দেশনা দিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীদের শুধু পরিচয়পত্র সঙ্গে রাখলেই হবে না, তা এমনভাবে পরতে হবে, যাতে সহজেই পরিচয় শনাক্ত করা যায়। সংশ্লিষ্টদের মতে, এর ফলে সচিবালয়ে অবস্থানরত ব্যক্তিদের পরিচয় যাচাই এবং অনুমোদিত প্রবেশাধিকার তদারক করা সহজ হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনারের কাছেও পাঠানো হয়েছে।
