×

আইন-বিচার

তাহসিফ হত্যা মামলা

দিশার আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

দিশার আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় সন্দেহভাজন আসামি জেরিকা তাসনীম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন ঢাকার আদালতে এ আবেদন করেন।

এর আগে গত ১ নভেম্বর এ মামলায় দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে আজ তাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হয়।

চারদিনের জিজ্ঞাসাবাদে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে গোপন রেখে এসব তথ্য যাচাই-বাছাই চলছে।

আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেওয়া পুলিশের ফরোয়ার্ডিং প্রতিবেদনে বলা হয়, আসামি দিশাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে আবেদনে বলা হয়, তাহসিফ সাউরি মারা যাওয়ার আগে গত ২৭ অক্টোবর দিশার সঙ্গে তিনি উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। সন্ধ্যায় তারা একাধিকবার সিপিতে গিয়ে স্ন্যাক্স খান। মোটরসাইকেল গ্যারেজে তাহসিফ ও দিশা একসঙ্গে গিয়েছিলেন। তারা একসঙ্গে মোটরসাইকেলে ঘোরাঘুরি করেছেন বলেও তথ্য দিয়েছেন দিশা।

আরও পড়ুন: শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

পুলিশ বলছে, আসামি দিশা চতুর প্রকৃতির হওয়ায় একাধিক প্রশ্নের জবাব তিনি কৌশলে এড়িয়ে যান এবং নীরব থাকেন।

রিমান্ডে থাকা আরেক আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের (২৩) দেওয়া তথ্যের সঙ্গে দিশার তথ্য 'ক্রসচেক' করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয় রিমান্ড আবেদনে।

এতে আরও বলা হয়, তাহসিফের মোবাইল কললিস্ট পর্যালোচনা করে দিশার সঙ্গে একাধিকবার কথা বলার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে মামলার সঙ্গে দিশার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত।

রিমান্ড আবেদনে কিছু কারণ উপস্থাপন করে পুলিশ জানায়, তাহসিফের সঙ্গে দিশার বাকবিতণ্ডা, কথা কাটাকাটি হয়েছিল কি না কিংবা যাচাই, রহস্য উদঘাটন, অপর আসামিদের গ্রেপ্তার ও দীপের সঙ্গে বক্তব্য ক্রসচেকের জন্য দিশাকে রিমান্ডে রাখা প্রয়োজন।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের ডাকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকালে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

এ ঘটনায় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। পরে এ মামলায় দীপ ও দিশাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে’

‘নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে’

দিশার আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

তাহসিফ হত্যা মামলা দিশার আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

সচিবালয়ে নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা

সচিবালয়ে নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App