এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম
ছবি : সংগৃহীত
শ্রমিক আন্দোলনের নামে একটি পক্ষ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে এবং তাদের পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, চলমান এই আন্দোলন শ্রমিকদের আন্দোলন নয়।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সরকার ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
এ সময় শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শ্রমিকদের যৌক্তিক মজুরি নির্ধারণে মজুরি বোর্ড কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের আগেই বোর্ড এ বিষয়ে সুপারিশ করবে বলে আশা করা হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়া উচিত। তাঁদের কর্মসংস্থান ও শিল্পের উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেটিও বিবেচনায় নিতে হবে। মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং তারা কাজ শুরু করেছে। তাই এখন আন্দোলনের প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি ঘোষণা করতে মজুরি বোর্ডকে বলা হয়েছে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আগেই মজুরি ঘোষণা করা সম্ভব হলে সেটি সবচেয়ে ভালো হবে।
