কেশম দ্বীপে মার্কিন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানাল ইরান
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালির প্রবেশমুখে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের রাতভর হামলার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির কর্তৃপক্ষের দাবি, হামলায় দ্বীপটির আবাসিক ও বাণিজ্যিক এলাকা, গুরুত্বপূর্ণ অবকাঠামো কিংবা জরুরি পরিষেবার কোনো ক্ষতি হয়নি।
সোমবার (৯ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্সের খবরে বলা হয়, দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের রাজনৈতিক, নিরাপত্তা ও সামাজিক বিষয়ক ডেপুটি গভর্নর আহমদ নাফিসি জানিয়েছেন, হামলার স্থানগুলো আবাসিক এলাকা, ব্যবসাপ্রতিষ্ঠান ও জনসেবামূলক স্থাপনা থেকে দূরে ছিল।
নাফিসি বলেন, ‘হামলার লক্ষ্যবস্তুগুলো আবাসিক ও বাণিজ্যিক এলাকা এবং জনসেবামূলক অবকাঠামোর বাইরে ছিল। দ্বীপটির গুরুত্বপূর্ণ অবকাঠামো বা জরুরি পরিষেবার কোনো ক্ষতি হয়নি।’
তিনি আরও জানান, কেশম দ্বীপের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে জরুরি সেবাদানকারী সংস্থা, জনসেবামূলক পরিষেবা ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। অবশ্য কোন কোন স্থাপনায় হামলা হয়েছে কিংবা এতে হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাস ও এর পাশের কেশম দ্বীপে কয়েক দফা বিস্ফোরণের খবর পাওয়া যায়। প্রাথমিকভাবে স্থানীয় সূত্রের বরাতে ফার্স জানিয়েছিল, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিয়ম লঙ্ঘনের সন্দেহে কয়েকটি জাহাজকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়ে থাকতে পারে। সেই গুলির কারণেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ধারণা করা হয়েছিল। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেনি ইরানি কর্তৃপক্ষ।
কেশম দ্বীপটি হরমুজ প্রণালির প্রবেশমুখে বন্দর আব্বাসের কাছেই অবস্থিত। ইরানে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল রপ্তানির একটি উল্লেখযোগ্য অংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হতো।
এমন এক সময়ে কেশম দ্বীপে হামলার ঘটনা ঘটল, যখন হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও নির্বিঘ্নে জাহাজ চলাচল নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘাত এড়াতে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা ও প্রচেষ্টা অব্যাহত থাকলেও উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
