×

জাতীয়

পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পিএম

পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন

ছবি : সংগৃহীত

খুলনায় খুন, চাঁদাবাজি, অস্ত্রের ব্যবহার, দখলবাণিজ্য, মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক সহিংস ঘটনা ঘটছে। রাজনৈতিক পটপরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির প্রত্যাশা থাকলেও অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি নেই। বরং নগরীর বিভিন্ন এলাকায় নতুন করে অপরাধী চক্রের তৎপরতা বাড়ছে বলে অভিযোগ উঠেছে।

অপরাধের বিস্তার ঠেকাতে পুলিশের ভূমিকা নিয়েও সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। একের পর এক হত্যাকাণ্ড, গুলিবর্ষণ ও চাঁদাবাজির ঘটনা ঘটলেও অনেক ক্ষেত্রে অপরাধীরা দ্রুত গ্রেপ্তার হচ্ছে না। কোনো কোনো ঘটনায় মামলা হলেও তদন্তে দীর্ঘসূত্রতার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, অপরাধীদের নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা যথেষ্ট নয়। অন্যদিকে নগরীতে পুলিশের টহলও আগের তুলনায় কমেছে বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি চাঁদা না পেয়ে একটি হাসপাতালে হামলার অভিযোগ উঠেছে সন্ত্রাসী নুর আজিম বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। হাসপাতালটির মালিকের সঙ্গে কথা বলার সময় নুর আজিম হুমকি দিয়ে বলেন, ‘পুলিশের কাছে গিয়ে কোনো লাভ নেই। থানাভিত্তিক আমরা টাকা দিয়ে থাকি। যে কারণে তারা আমাদের এক পাশ দিয়ে ধরে, আমরা অন্য পাশ দিয়ে বের হয়ে আসি।’

ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজির ঘটনায় বড় অপরাধীদের গ্রেপ্তার করতে না পারার পেছনে পুলিশের গাফিলতিকে দায়ী করছেন ভুক্তভোগীরা।

রেস্টুরেন্টের মালিক মাসুদ হোসেন বলেন, ঘটনা ঘটার পর পুলিশ দেরিতে আসে। ভাঙচুরের পর পুলিশ তাঁকে সাবধানে চলাফেরা করতে এবং একা বাইরে না যেতে পরামর্শ দেয়। তাঁর ভাষ্য, পুলিশের কাছ থেকে এ ধরনের পরামর্শ পেলে স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়।

জাহিদ ইলেকট্রনিক্সের মালিক জাহিদ হোসেন বলেন, তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছেন। তবে পুলিশ আপাতত ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।

নগরীর চয়নিকা ফার্মেসির ম্যানেজার বাবু বলেন, পুলিশ তাঁদের প্রত্যাশা অনুযায়ী সহযোগিতা করতে পারেনি। এ কারণে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিতে হয়েছে।

সম্প্রতি সদর থানা এলাকায় চাঁদাবাজির একাধিক ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। ওসি হিসেবে দায়িত্ব পালনের পূর্ব অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তাঁকে সদর থানার মতো গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

এ ছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর ইসলামের ভূমিকা নিয়েও অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, সন্ত্রাসী হামলার মতো ঘটনায় পরিস্থিতি মোকাবিলায় তাঁকে অনেক সময় ঘটনাস্থলে পাওয়া যায় না। তাঁদের অভিযোগ, পুলিশের কার্যকর উদ্যোগের অভাবেই অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে।

এসব অভিযোগের বিষয়ে কেএমপি কমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ সাধ্যমতো চেষ্টা করছে। তবে রাষ্ট্রের সব অঙ্গ একযোগে কাজ না করলে অপরাধ দমন সম্ভব নয়। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি ভুক্তভোগীরাও তথ্য ও অভিযোগ দিতে অনীহা প্রকাশ করেন, যার সুযোগে অপরাধীরা পার পেয়ে যায়।

নগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। তাঁর অভিযোগ, পুলিশ অপরাধীদের যথাযথভাবে আসামি হিসেবে বিবেচনা করছে না। মামলাও এমনভাবে করা হচ্ছে, যাতে আইনি ফাঁকফোকর দিয়ে অপরাধীরা ছাড়া পেতে পারে। তিনি জানান, পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা এখন অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ীরা ব্যবসা গুটিয়ে নিচ্ছেন এবং মানুষ বাইরে বের হতেও ভয় পাচ্ছেন। পরিস্থিতির উন্নতি না হলে শহরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাঙ্গাবালীতে সার মজুতের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

রাঙ্গাবালীতে সার মজুতের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক

দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না : জয়নুল আবেদীন

দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না : জয়নুল আবেদীন

দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির

দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে সুখবর

মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App