এই আধাঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে?
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম
ছবি : সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনের শুরুতেই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে কথা বলার সুযোগ চেয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মধ্যে বাক্যবিনিময় হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে এ ঘটনা নিয়ে কথা বলতে দাঁড়ান নাহিদ ইসলাম। তবে স্পিকার তাঁকে প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেন।
এ সময় স্পিকার বলেন, ‘প্রশ্নোত্তরটা শেষ হোক, তারপর আপনি দাঁড়াবেন।’ জবাবে নাহিদ বলেন, ‘না, মাননীয় স্পিকার! প্রশ্নোত্তর দিয়ে আমি কী করব?’
তখন স্পিকার বলেন, ‘এই আধাঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে নাকি? এই আধঘণ্টা অপেক্ষা করার অসুবিধা কী? আমরা একটা প্রসিডিউরের মধ্যে আসছি। আপনার বলার হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নাই, যিনি জবাব দেবেন বা কিছু করার...।’
জবাবে নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কী জবাব দেবেন, সেটা তো জানি আমরা। আমরা শুধু আমাদের কথাগুলো বলতে চাই। আমরা তো আর জবাব আশা করি না।’
পরে স্পিকার তাঁকে কথা বলার অনুমতি দিলে নাহিদ বলেন, ‘আমরা এই সরকারের কাছ থেকে কোনো জবাব আশা করি না।’ এ সময় স্পিকার বক্তব্য চালিয়ে যেতে বললে নাহিদ জানান, কথা বলার সুযোগ না পেলে তিনি সংসদে থাকবেন না। জবাবে স্পিকার বলেন, তাঁর মাইক চালু রয়েছে।
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের অভিযোগ
সংসদে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম জানান, বুধবার রাতে এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
নাহিদের অভিযোগ, রাত আনুমানিক ১২টার দিকে বাড়িটিতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়। এতে বাড়িতে থাকা গবাদিপশুও আগুনে আক্রান্ত হয়ে মারা গেছে।
তিনি বলেন, ঘটনার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা। তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, ঘটনাস্থলে পেট্রোল বোমার কোনো আলামত পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে নাহিদ বলেন, ‘আমি নিজে এসপির সঙ্গে কথা বলেছি। দুপুর পর্যন্ত সেখানে কোনো ফরেনসিক টিম যায়নি। কোনো ফরেনসিক তদন্ত ছাড়াই থানার ওসি কীভাবে বলে দেন, সেখানে পেট্রোল বোমা মারা হয়নি, তা আমার জানা নেই।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি সারা দেশে নৈরাজ্য ও নাশকতা শুরু করেছে। তাদের প্রধান লক্ষ্য কারা, তা স্পষ্ট।
তিনি আরও বলেন, এর আগে মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিবুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। ৪৮ ঘণ্টা পার হলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
নাহিদের দাবি, দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও ককটেল বিস্ফোরণ হয়েছে। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হলেই সেটিকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না।
এ অবস্থায় একজন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়ার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কি না, সেই প্রশ্ন তোলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সংসদ সদস্য, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সরকার তাঁদের নিরাপত্তা দিতে পারবে কি না, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি। নিরাপত্তা দিতে না পারলে সেটিও জানিয়ে দেওয়ার কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমাদের পরিবার আক্রান্ত হলে ওনাদের পরিবারও কিন্তু আক্রান্ত হবে ফ্যাসিবাদী শক্তির দ্বারা। তারা এতটাই নৃশংস।’ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নে সরকারের আপসকামিতার অভিযোগ তুলে এ বিষয়ে স্পষ্ট জবাব দাবি করেন তিনি।
ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্পিকারের
নাহিদ ইসলামের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিরোধীদলীয় চিফ হুইপ যে বিষয়টি উত্থাপন করেছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা গুরুতর অপরাধ।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ট্রেজারি বেঞ্চ ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার কথা জানান স্পিকার।
তিনি বলেন, ‘এটা অত্যন্ত সিরিয়াস ঘটনা এবং আমার দৃঢ় বিশ্বাস, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।’
