দিনের ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না : জয়নুল আবেদীন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১০:২২ পিএম
ছবি : সংগৃহীত
বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন অভিযোগ করেছেন, তাঁর নির্বাচনী এলাকার বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় দিনে ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না। এতে নির্বাচনের আগে দেওয়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ অভিযোগ তুলে ধরেন তিনি। একই সঙ্গে এলাকার বিদ্যুৎ সংকট নিরসনে কবে নাগাদ উচ্চক্ষমতাসম্পন্ন গ্রিড উপকেন্দ্র নির্মাণের কাজ শুরু ও শেষ করা সম্ভব হবে, তা জ্বালানিমন্ত্রীর কাছে জানতে চান।
জয়নুল আবেদীন বলেন, নির্বাচিত সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। দল ক্ষমতায় গেলে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় দিনের প্রায় ২০ ঘণ্টাই বিদ্যুৎ থাকছে না।
আগের প্রশ্নের উত্তরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মন্ত্রী তাঁর জবাবে ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। তবে শুধু ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র নির্মাণ করে এ বিশাল সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করেন তিনি।
এলাকার বিদ্যুৎ সংকট নিরসনে অন্তত ১৪০ বা ১৪৪ কেভি ক্ষমতাসম্পন্ন গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া জরুরি বলেও সংসদে দাবি জানান এই সংসদ সদস্য।
