×

রংপুর

বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে, খালি হাতে ফিরল বরযাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে, খালি হাতে ফিরল বরযাত্রী

ছবি: এআই

বিয়ের আয়োজন ঘিরে ছিল উৎসবের আমেজ। হবিগঞ্জ থেকে ৪২ জন বরযাত্রী নিয়ে রংপুরে এসেছিলেন ব্রুনাইপ্রবাসী ফয়ছল আহমেদ। কমিউনিটি সেন্টার ভাড়া, অতিথিদের খাবারের আয়োজন— সবকিছুই প্রায় প্রস্তুত। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই ঘটে বিপত্তি। কনেকে দেওয়া চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যান কনে ও তাঁর সঙ্গে থাকা কথিত স্বজনেরা। এতে বিয়ে তো হয়নি, উল্টো প্রতারণার শিকার হয়ে খালি হাতেই বাড়ি ফিরতে হয় বর ও তাঁর স্বজনদের।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে রংপুরের বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা ও চুরির অভিযোগে পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করেন ফয়ছল আহমেদ। মামলায় সুমি আক্তার (২৬), তাঁর স্বামী সুভাষ আহমেদ (৩৫) এবং কনে শ্যামলা খাতুনকে (১৯) আসামি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী। তিনি জানান, ঘটনার তদন্তে অগ্রগতি হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করছেন তাঁরা।

বরপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়া গ্রামের বাসিন্দা ফয়ছল আহমেদ দীর্ঘদিন ধরে ব্রুনাইয়ে থাকেন। বিয়ে করার উদ্দেশ্যে প্রায় পাঁচ মাস আগে দেশে ফেরেন তিনি। বিয়ে সম্পন্ন করে আবার বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ফয়ছলের ছোট বোন তামান্না আক্তারের বিয়ে হয়েছে চট্টগ্রামে। স্বামী ও শ্বশুরের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। একই বাসায় প্রতিবেশী হিসেবে থাকতেন সুমি আক্তার ওরফে মায়া এবং তাঁর স্বামী সুভাষ আহমেদ। তাঁরা নিজেদের কুড়িগ্রামের বাসিন্দা বলে পরিচয় দিয়েছিলেন। প্রায় দুই বছর একই ফ্ল্যাটে থাকার পর দেড় বছর আগে তাঁরা ঢাকায় চলে যান। তবে তামান্নার সঙ্গে সুমির মুঠোফোনে যোগাযোগ অব্যাহত ছিল।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে ককটেল বিস্ফোরণের পর এবার গুলিবর্ষণ

তামান্নার ভাষ্য অনুযায়ী, ভাইয়ের বিয়ের কথা সুমিকে জানালে তিনি নিজের ছোট বোন পরিচয় দিয়ে শ্যামলা খাতুনের সঙ্গে ফয়ছলের বিয়ের প্রস্তাব দেন। পরে ভিডিও কলের মাধ্যমে শ্যামলার সঙ্গে ফয়ছল, তামান্না ও পরিবারের অন্য সদস্যদের একাধিকবার কথা হয়। দুই পরিবারের সম্মতিতে ১১ নভেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়। কনেপক্ষ রংপুর নগরীর কামাল কাছনা এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানের আয়োজন করে। সেই বিয়েতে অংশ নিতে ৪২ জন নারী-পুরুষকে সঙ্গে নিয়ে বাসে করে হবিগঞ্জ থেকে রংপুরে আসেন ফয়ছল।

অভিযোগ অনুযায়ী, বিয়ের আনুষ্ঠানিকতার আগে কনেকে চার ভরি স্বর্ণালংকার উপহার দেন বর। গহনাগুলোর মান যাচাই করার আগ্রহ দেখান কনের বোন পরিচয় দেওয়া তিন নারী। পরে ফয়ছল, তাঁর দুই বোন, বাবা ও ভগ্নিপতি এবং কনে ও ওই তিন নারী দেওয়ানবাড়ি সড়কের লক্ষ্মী জুয়েলার্সে যান। সেখানে স্বর্ণের মান পরীক্ষা শেষে গহনাগুলো নিয়ে কনেকে সাজানোর জন্য একটি বিউটি পার্লারে নেওয়া হয়।

এরপরই ঘটে প্রতারণার ঘটনা। এজাহারে বলা হয়েছে, বিউটি পার্লারে ফয়ছল তাঁর দুই বোনকে রেখে বাবা ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে বিয়ের অন্যান্য কেনাকাটা করতে বের হন। এ সময় কনেকে স্বর্ণালংকার পরিয়ে বিয়ের সাজে প্রস্তুত করা হয়। পরে তাঁকে একটি রিকশায় তুলে দেওয়া হয়। ওই রিকশায় কনের বোন পরিচয় দেওয়া এক নারীও ওঠেন।

অন্যদিকে, বরের দুই বোন এবং কনের বোন পরিচয় দেওয়া আরও দুই নারী আলাদা একটি অটোরিকশায় রওনা হন। তবে কনেকে বহনকারী রিকশাটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

অন্য অটোরিকশাটি রংপুর শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে একটি বটগাছের নিচে গিয়ে থামে। বিকেল ৫টার দিকে সেখানে নামেন যাত্রীরা। এরপর বরের দুই বোনকে সড়কের পাশে অপেক্ষায় রেখে কনের বোন পরিচয় দেওয়া দুই নারী সেখান থেকে সরে পড়েন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিষয়টি মুঠোফোনে ফয়ছলকে জানান তাঁর দুই বোন।

তামান্নার অভিযোগ, তাঁর ভাইয়ের দেওয়া চার ভরি স্বর্ণালংকারের মধ্যে ছিল গলার হার, চেইন, হাতের বালা ও আংটি। এসব গহনার পাশাপাশি নগদ সাত হাজার টাকা, শাড়ি এবং বিয়ের জন্য কেনা নতুন পোশাকও নিয়ে গেছেন কনে ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা।

তামান্না বলেন, ‘আমাদের পরিবারের কেউ আগে রংপুরে আসেননি। ফলে শহরের রাস্তাঘাট সম্পর্কেও কোনো ধারণা ছিল না। দীর্ঘদিনের সুসম্পর্কের সূত্র ধরে সুমিকে বিশ্বাস করেছিলাম। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে এভাবে প্রতারণা করা হবে, তা ভাবতেও পারিনি।’

ফয়ছল আহমেদ মুঠোফোনে বলেন, ‘ছোট বোন তামান্না আমার বিয়ের সবকিছু ঠিকঠাক করেছিল। তার প্রতি আমার ও পরিবারের আস্থা ছিল। তামান্নার আস্থা ছিল একই ফ্ল্যাটে পাশাপাশি ভাড়া থাকা সুমি আক্তারের প্রতি। বিশ্বাস করে এত বড় প্রতারণার শিকার হব, কখনো ভাবিনি।’

এদিকে, বিয়ের জন্য রংপুর নগরীর কামাল কাছনা এলাকার আগামীর চাষি কমিউনিটি সেন্টার ভাড়া নেওয়ার কথা ছিল। প্রতিষ্ঠানটির অপারেশন ব্যবস্থাপক রাকিবুল ইসলাম জানান, সাধারণত তাঁদের কমিউনিটি সেন্টার বুকিং দিতে এক সপ্তাহ আগে যোগাযোগ করতে হয় এবং নির্ধারিত ভাড়া পরিশোধ করতে হয়। কিন্তু ঘটনার দিন সকালে বাসভর্তি বরযাত্রী কিছুটা দূরে রেখে কনেপক্ষের পরিচয়ে তিনজন তাঁদের কাছে আসেন। তাঁরা জানান, মেয়ের বিয়েতে বরসহ ১০ থেকে ১২ জন অতিথি আসার কথা থাকলেও শেষ পর্যন্ত ৪২ থেকে ৪৩ জন এসেছেন। এ কারণে জরুরি ভিত্তিতে কমিউনিটি সেন্টার ভাড়া প্রয়োজন।

রাকিবুল ইসলাম আরও জানান, মানবিক বিবেচনায় তাঁদের অনুষ্ঠান আয়োজনের সুযোগ দেওয়া হয়। কমিউনিটি সেন্টারের ভাড়া ৪২ হাজার টাকা এবং দুপুরের খাবারের জন্য আরও প্রায় ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থ পরিশোধের কথা বললে কনেপক্ষের লোকজন ব্যাংক থেকে টাকা তুলে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু একপর্যায়ে প্রতারণার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। অনুষ্ঠান আয়োজনের জন্য নির্ধারিত অর্থও তাঁরা পরিশোধ করেননি। এমনকি খাবার পরিবেশনের আয়োজনও শেষ পর্যন্ত হয়নি। অভিযুক্তদের কাউকে পাওয়া গেলে প্রতিষ্ঠানের পাওনা আদায়ের চেষ্টা করা হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে, খালি হাতে ফিরল বরযাত্রী

বিয়ের আসর থেকে ৪ ভরি স্বর্ণ নিয়ে উধাও কনে, খালি হাতে ফিরল বরযাত্রী

এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

বৈছাআ নেতা মাহাদীর বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ, যা জানাল পুলিশ

বৈছাআ নেতা মাহাদীর বাড়িতে বোমা নিক্ষেপের অভিযোগ, যা জানাল পুলিশ

আওয়ামী লীগের আমলে বাড়িয়ে দেখানো হয়েছিল জিডিপি প্রবৃদ্ধি: বিবিএস

আওয়ামী লীগের আমলে বাড়িয়ে দেখানো হয়েছিল জিডিপি প্রবৃদ্ধি: বিবিএস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App