শেখ হাসিনার বিচার নতুনভাবে করার ভারতীয় প্রস্তাব চিফ প্রসিকিউটরের নাকচ
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম
ফাইল ছবি
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের বিষয়ে ভারতের পরামর্শ প্রত্যাখ্যান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো আইনগত সুযোগ নেই। এমনকি শেখ হাসিনার আপিলের সুযোগও সম্পূর্ণভাবে আইনের ওপর নির্ভরশীল; সরকার বা চিফ প্রসিকিউটরের ব্যক্তিগতভাবে এ সুযোগ দেওয়ার এখতিয়ার নেই।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো আইনগত সুযোগ নেই। একবার বিচার সম্পন্ন হওয়ার পর একই বিষয়ে নতুন করে বিচার করার পদ্ধতিকে ‘ডি নোভো ট্রায়াল’ বা পুনর্বিচার বলা হয়। একসময় ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এ ধরনের বিধান থাকলেও বর্তমানে তিন দেশেই তা রহিত করা হয়েছে।
তিনি বলেন, ভারতীয় বিচারব্যবস্থায় পুনর্বিচারের বিধান বাতিল করা হয়েছে। বাংলাদেশ ও পাকিস্তানেও এ ধরনের বিধান নেই। যে দেশে নিজেরাই এ চর্চা করে না, তারা অন্য একটি দেশকে কীভাবে পুনর্বিচারের পরামর্শ দেয়, তা বোধগম্য নয়। বাংলাদেশে পুনর্বিচারের সুযোগ না থাকলেও আপিলের বিধান রয়েছে।
ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আমিনুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার মামলার বিচারপ্রক্রিয়া সম্পর্কে ভারত সরকার শুরু থেকেই অবগত ছিল। শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেন, তখন বিচার মোকাবিলার জন্য তাকে বাংলাদেশে ফিরে আসার কিংবা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার পরামর্শ দেওয়া হয়নি কেন?
তিনি আরও বলেন, বিচার চলাকালে কিংবা আপিলের নির্ধারিত সময়ে এ বিষয়ে কোনো উদ্যোগ না নিয়ে সময় পার হওয়ার পর এখন পুনর্বিচারের পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতের এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। একই অপরাধে দ্বিতীয়বার বিচারের কোনো আইনগত সুযোগ নেই।
শেখ হাসিনার আপিলের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, সরকার কিংবা চিফ প্রসিকিউটর ব্যক্তিগতভাবে কাউকে আপিলের সুযোগ দিতে পারেন না। এটি সম্পূর্ণ আইনের বিষয়।
তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ আওয়ামী লীগ সরকারই প্রণয়ন করেছিল। ২০১০ সালে ওই আইনের অধীনে বিচারপ্রক্রিয়া পরিচালনার জন্য বিধিমালাও তৈরি করা হয়। ২০২৪ সালের আগ পর্যন্ত এসব আইন ও বিধিমালার অধীনেই ট্রাইব্যুনালের কার্যক্রম পরিচালিত হয়েছে।
আমিনুল ইসলাম আরও বলেন, বর্তমান সরকার আপিলের বিধান পরিবর্তন করেনি। বিদ্যমান আইনে আপিলের যে সুযোগ রয়েছে, সেটিই কার্যকর হবে। আইনে কোনো বিধান না থাকলে সরকার, ট্রাইব্যুনাল কিংবা চিফ প্রসিকিউটরের কারও নতুন করে সেই সুযোগ দেওয়ার এখতিয়ার নেই।
