পল্লবীতে আবার বাসে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানীর পল্লবীতে আবারও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে পল্লবী থানার সাগুফতা এলাকায় ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, সাগুফতা এলাকার সামনে ট্রাস্ট পরিবহনের একটি বাস রাস্তার পাশে দাঁড় করানো ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটির পেছনের একটি আসনে আগুন দিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে মঙ্গলবার রাতেও পল্লবীর সিরামিকস রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে একজনকে আটক করার কথা জানিয়েছিল পুলিশ।
দেশের বিভিন্ন স্থানে বোমাবাজি ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার মধ্যে রাজধানীতে পরপর দুই রাতে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
