যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টি বিবেচনা করছে সরকার। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে রাজধানীর ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পুরোপুরি চালুর পরিকল্পনা রয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালামের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর বিভিন্ন পয়েন্টে ইতোমধ্যে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে। তবে সেগুলো এখনো পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করেনি। সরকার আশা করছে, আগামী দুই মাসের মধ্যে এআই প্রযুক্তিনির্ভর সিগন্যালগুলো সচল হবে। এগুলো চালু হলে ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর ভাবনা
যানজট নিরসনে দীর্ঘমেয়াদি ও আধুনিক পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ঢাকার কয়েকটি রুটে ইতোমধ্যে মেট্রোরেল চলাচল করছে। বাকি রুটগুলোর কাজও দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে মনোরেল চালুর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
প্রধানমন্ত্রী জানান, মনোরেল তুলনামূলক ছোট ও সরু জায়গার মধ্য দিয়েও চলাচল করতে পারে। এ কারণে মোহাম্মদপুর, ধানমন্ডি ও সবুজবাগের মতো ঘনবসতিপূর্ণ এলাকার অভ্যন্তরীণ সড়কগুলোতেও এ ধরনের পরিবহন ব্যবস্থা চালু করা সম্ভব হতে পারে।
