‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৮:০০ পিএম
ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এ ঐক্য প্রক্রিয়ায় অংশ নেওয়ার আগে সরকারকে গণভোটের রায় মেনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত দিয়েছে দলটি।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক শক্তি নিয়ে রাজপথে সক্রিয় থাকবে দলটি।
সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে গোলাম পরওয়ার বলেন, সন্ত্রাসীদের ভয়ে পুলিশকে থানা ছেড়ে পালিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে পারছেন না, তাঁকে মন্ত্রিসভায় রাখা হবে কি না, তা প্রধানমন্ত্রীকে বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি নেতাদের বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারের খবর সরকার ও বিএনপির জন্য ইতিবাচক নয়। তাঁর দাবি, এ ধরনের পরিস্থিতি সরকারকে ব্যর্থতার দিকে ঠেলে দিতে পারে।
সরকারের পদত্যাগ দাবি করছেন না জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, তাঁরা চান সরকার ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দেশ পরিচালনা করুক।
গণভোটের গুরুত্ব তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও গণভোটের রায়ের গুরুত্ব উপেক্ষা করা যায় না। তাঁর দাবি, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছেন। এ রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করে সরকারি ও বিরোধী দলের সম্মিলিত উদ্যোগে তা পাস করতে হবে।
একদলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি। গোলাম পরওয়ার বলেন, সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করলে অতীতের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে জামায়াত এবং সরকারকে সহযোগিতা করবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে দেশের বিভিন্ন সংকটে সেনাবাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিবারই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এমপি-মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছেন বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করে রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, তিনি দেশের জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার হাতে রাষ্ট্রযন্ত্র থাকার সময়ও তিনি দেশ ছেড়ে পালিয়েছেন; এখন শূন্য হাতে তাঁর বাংলাদেশে ফেরার আশা দিবাস্বপ্ন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। ঐক্য ফিরিয়ে আনতে গণভোটের রায় মেনে সনদ বাস্তবায়ন করতে হবে। তা হলে কোনো অপশক্তি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতে আন্দোলন হলেও তখন কোনো এমপি-মন্ত্রীদের গাড়ি বা বাড়িতে হামলা হয়নি। কিন্তু বর্তমান সরকার নিজেদের এমপি-মন্ত্রীদেরও নিরাপত্তা দিতে পারছে না। আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সমঝোতা হয়েছিল। তাঁর দাবি, আওয়ামী লীগের কর্মকাণ্ডে এখন বিএনপি সরকারও চাপে পড়েছে। জুলাই সনদ বাস্তবায়ন করলে বিএনপির সঙ্গে ঐক্য গড়ে তোলা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে জামায়াতকে ঠেকাতে বিএনপি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছিল। এ কারণে সরকার এখন আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না বলে অভিযোগ করেন তিনি। জাতীয় ঐক্য গড়তে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিদেশে অবস্থান করে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাঁর অভিযোগ, সরকার তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করা হলে জাতীয় ঐক্য অটুট থাকবে এবং জনগণ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে রাজপথে নামবে।
প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সরকারের সম্পর্কের সমালোচনা করে তিনি বলেন, তলে তলে অতিরিক্ত ঘনিষ্ঠতা বন্ধ না করলে সরকার সফল হতে পারবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাতসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে কয়েক হাজার নেতা-কর্মী ও স্থানীয় লোকজনের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।
