×

রাজনীতি

আ. লীগ ইস্যুতে কৌশল বিএনপি-জামায়াতের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম

আ. লীগ ইস্যুতে কৌশল বিএনপি-জামায়াতের

ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন রাজপথে একসঙ্গে আন্দোলন করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিষিদ্ধ আওয়ামী লীগ ইস্যুতেই দল দুটির মধ্যে পাল্টাপাল্টি অবস্থান ও কৌশল স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছে বিএনপি, অন্যদিকে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সরকারকে চাপ দিচ্ছে জামায়াত।

আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন শেখ হাসিনা—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘোষণা দিয়ে নেতাকর্মীদের সক্রিয় রাখার চেষ্টা করছেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। এরই মধ্যে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতেও বিএনপি ও জামায়াত নিজ নিজ রাজনৈতিক অবস্থান থেকে বড় ধরনের ছাড় দিতে রাজি নয়।

আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দলটিকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তাদের মোকাবিলায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাশাপাশি জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নেয় সরকার।

এর পরিপ্রেক্ষিতে বিএনপি ও জামায়াত আলাদাভাবে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে। তবে আওয়ামী লীগবিরোধী অবস্থানে মিল থাকলেও দুই দলের মধ্যে রাজনৈতিক দূরত্ব কমেনি। বিভিন্ন ইস্যুতে দল দুটির নেতারা পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন।

বিএনপি নেতাদের অভিযোগ, সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই জামায়াত জোটের লংমার্চ ও সরকার পতনের হুমকির কারণে আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টির সাহস পেয়েছে। অন্যদিকে জামায়াতের দাবি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ভোটব্যাংক নিজেদের দিকে টানতে বিএনপি সারা দেশে নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের প্রশ্রয় দিচ্ছে। তাদের মতে, বিএনপির এমন অবস্থানের কারণেই আওয়ামী লীগ আবারও সহিংস কর্মকাণ্ডে জড়ানোর সুযোগ পাচ্ছে।

রাজনীতি বিশ্লেষকদের মতে, গত নির্বাচন সামনে রেখেই আওয়ামী লীগের সাধারণ ভোটারদের কাছে টানার কৌশল নিয়েছিল বিএনপি ও জামায়াত। রাজনৈতিক স্বার্থের জায়গা থেকে এখনো কোনো দলই অন্য দলকে ছাড় দিতে চাইছে না। ফলে আওয়ামী লীগের বিরুদ্ধে একসময় দুই দলের মধ্যে যে ঐক্য ও দৃঢ়তা ছিল, তা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।

রাজনীতি বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী গণমাধ্যমকে বলেন, স্থানীয় সরকার নির্বাচন কিংবা জাতীয় নির্বাচন—যেটিই সামনে থাকুক, কার্যক্রম নিষিদ্ধ একটি দলের সাধারণ ভোটারদের কাছে টানার চেষ্টা যেকোনো রাজনৈতিক দলের কৌশলের অংশ হতে পারে। তবে সরকারের উচিত দলীয় স্বার্থের চেয়ে জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তাকে বেশি গুরুত্ব দেওয়া।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সমর্থকদের ভোট বিএনপির জন্য গুরুত্বপূর্ণ হলেও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আরও বেশি জরুরি। রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত না হলে ভোটাররা সরকারের প্রতি অসন্তুষ্ট হতে পারেন।

দিলারা চৌধুরীর ভাষ্য, সাধারণ মানুষ দলীয় রাজনীতির বাইরে থেকেও সরকারের কাছে নিরাপত্তা প্রত্যাশা করে। আওয়ামী লীগের সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড থেকে মানুষকে রক্ষা করতে না পারলে সরকারের প্রতি তাদের আস্থা কমতে পারে।

গত সেপ্টেম্বরের শুরুতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেন। জামায়াতের অভিযোগ, এসব ঘটনার বিরুদ্ধে সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। বরং বিএনপির একাংশের নেতারা আওয়ামী লীগের প্রতি নমনীয় অবস্থান নিয়েছেন। জামায়াতের দাবি, বিএনপির এসব নেতা আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে দেখতে আগ্রহী।

জামায়াতের অভিযোগ, সরকারের এমন অবস্থানের কারণেই গত ১১ সেপ্টেম্বর জুমার নামাজের পর রাজধানীর গুলশানে ঝটিকা মিছিল করার সাহস পায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। জুলাই অভ্যুত্থানের পর রাজধানীতে প্রকাশ্যে এটিই ছিল দলটির প্রথম বড় কর্মসূচিগুলোর একটি।

এরপর ডিসেম্বরকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। বিশেষ করে গোপালগঞ্জে দুটি থানা, বিএনপির কার্যালয় এবং দলটির দুই সংসদ সদস্যের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পার্শ্ববর্তী নড়াইলে অতর্কিত হামলায় বিএনপির দুই কর্মী নিহত হন। এ ছাড়া পেট্রোল বোমা ছুড়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে। এসব ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

এমন পরিস্থিতিতে আওয়ামী লীগকে মোকাবিলায় পৃথকভাবে রাজপথে থাকার ঘোষণা দিলেও নিজেদের মধ্যকার বিরোধপূর্ণ অবস্থান থেকে সরে আসেনি বিএনপি ও জামায়াত।

এরই মধ্যে গত বুধবার (১৮ নভেম্বর) বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে নিজের কার্যালয়ে চায়ের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ওই দিন দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়।

বৈঠক শেষে রাতে সংসদে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, গণভোট ও জুলাই সনদ নিয়ে বিএনপি সরকার পূর্বের প্রতিশ্রুতি থেকে সরে আসায় রাজনৈতিক ঐক্যে ফাটল ধরেছে। তিনি গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান।

একই দিন সংসদে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে দলটির ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ প্রয়োজন হয়ে পড়েছে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়ানোর, যেমনটি তারা করেছিল ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময়ে।’

রাজনীতিসংশ্লিষ্টদের মতে, জাতীয় ঐক্যের আহ্বানের মাধ্যমে বিএনপি জামায়াতের ওপর রাজনৈতিক চাপ তৈরির চেষ্টা করছে। জামায়াত এ আহ্বানে সাড়া না দিলে ক্ষমতাসীন দল তাদের আওয়ামী লীগঘেঁষা ও জাতীয় ঐক্যের বিরোধী হিসেবে তুলে ধরার সুযোগ পেতে পারে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, পতিত ফ্যাসিবাদী গোষ্ঠী যে নৈরাজ্য শুরু করেছে, তার বিরুদ্ধে প্রকৃত দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ঐক্যের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যারা নিজেদের গণতান্ত্রিক শক্তি মনে করেন, তাদের এ আহ্বানে সাড়া দেওয়া উচিত।

জামায়াত এ আহ্বানে সাড়া দিচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো দলের নাম উল্লেখ করতে চান না। তবে যারা নিজেদের দেশপ্রেমিক ও গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি মনে করেন, তাদের প্রধানমন্ত্রীর আহ্বানে ইতিবাচক সাড়া দেওয়া উচিত।

অন্যদিকে, জামায়াত নেতারা সরকারের জাতীয় ঐক্যের আহ্বানকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। পাল্টা অবস্থান হিসেবে তাঁরা গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছেন। তাঁদের অভিযোগ, সরকারের আওয়ামী লীগ তোষণের নীতির কারণেই নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা সহিংস কর্মকাণ্ড চালানোর সুযোগ পেয়েছেন।

জামায়াতে ইসলামীর মুখপাত্র ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, আওয়ামী লীগ সাম্প্রতিক সময়ে অন্তত চারজনকে হত্যা করেছে। এ ছাড়া অন্তত দুই সংসদ সদস্যের বাড়ি ও দুটি থানায় ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তাঁর দাবি, আওয়ামী লীগের এসব কর্মকাণ্ডের পেছনে সরকারের ভুল নীতি দায়ী।

তিনি বলেন, আওয়ামী লীগ যখন গোপনে ককটেল হামলা এবং বিভিন্ন স্থানে যানবাহনে আগুন দেওয়া শুরু করে, তখন জামায়াত সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিল। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয়েছিল। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেননি বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, মন্ত্রী বলেছিলেন, গাড়ির ছাদে দু-একটি ককটেল বিস্ফোরণকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যায় না।

জামায়াত নেতাদের আরও অভিযোগ, বিএনপির ছত্রচ্ছায়ায় আওয়ামী লীগ ধীরে ধীরে নিজেদের সংগঠিত করার সুযোগ পেয়েছে। বিএনপি নেতাদের একটি অংশের সহযোগিতায় দলটির নেতাকর্মীরা জামিনে মুক্ত হয়ে পরে নৈরাজ্য সৃষ্টির জন্য সংগঠিত হয়েছেন বলে দাবি তাঁদের। এখনও বিএনপির বিভিন্ন নেতার বাসাবাড়ি থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে বলেও তাঁরা উল্লেখ করেন।

জামায়াত নেতাদের মতে, আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়ে সরকার ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে। নিষিদ্ধ সংগঠনটির নৈরাজ্যের বিরুদ্ধে এবং জনগণের জীবন ও সম্পদ রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা।

তবে আওয়ামী লীগকে তোষণের অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির দুই ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ও আবদুস সালাম।

মোহাম্মদ শাহজাহান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগকে ছাড় দেওয়া হচ্ছে—এমন অভিযোগ সঠিক নয়। একটি উদার গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি এত দিন আওয়ামী লীগের প্রতি ধৈর্যের পরিচয় দিয়েছে। কিন্তু দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা আবারও প্রমাণ করেছে যে তারা গণতান্ত্রিক দল নয়। আওয়ামী লীগের নৈরাজ্যের বিষয়ে আর কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম বলেন, সরকার গঠনের মাত্র ছয় মাসের মাথায় নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করতে যারা রাজপথে নেমেছিল, তাদের কর্মকাণ্ডে উৎসাহিত হয়েই আওয়ামী লীগ নৈরাজ্য চালানোর সাহস পেয়েছে।

সূত্র: এশিয়া পোস্ট

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুইডেন আসলামকে নিয়ে যে তথ্য দিল গোয়েন্দা বিভাগ

সুইডেন আসলামকে নিয়ে যে তথ্য দিল গোয়েন্দা বিভাগ

আ. লীগ ইস্যুতে কৌশল বিএনপি-জামায়াতের

আ. লীগ ইস্যুতে কৌশল বিএনপি-জামায়াতের

সিলেটে ৬৭ খুন

সিলেটে ৬৭ খুন

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী আটক

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী আটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App