×

জাতীয়

নিরাপত্তার ৯ স্তরে ঘেরা থাকবে ডিসেম্বর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৭ এএম

নিরাপত্তার ৯ স্তরে ঘেরা থাকবে ডিসেম্বর

ছবি : সংগৃহীত

ডিসেম্বরকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি, অবরোধ ও সহিংসতার ঝুঁকির কথা উঠে এসেছে গোয়েন্দা প্রতিবেদনে। এমন পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতা ঠেকাতে ৯ স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করেছে সরকার।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে সীমান্তে নজরদারি জোরদার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন, আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মীদের আগাম শনাক্ত, শিল্পাঞ্চল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নজরদারি এবং নাশকতা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অধীনস্থ বিভিন্ন বাহিনী ও সংস্থাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষ চিঠি দিয়েছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) শাহজাদা মো. আশাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘শুধু শেখ হাসিনা নয়, যেকোনো অপরাধীর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পুলিশ কাজ করছে। সীমান্তের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনী ও সংস্থার সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। জীবন, সম্পদ ও রাষ্ট্রীয় স্থাপনা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে গত ১৬ নভেম্বর এ বিষয়ে একটি জরুরি প্রতিবেদন পাঠানো হয়। পরদিন ১৭ নভেম্বর পুলিশ সদর দপ্তরও বিভিন্ন ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়। এর অংশ হিসেবে দেশের ৯টি জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। গত জুলাইয়ে বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। আদালতে আত্মসমর্পণ করে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার কথাও বলেছিলেন তিনি। পরে ৫ আগস্ট নয়াদিল্লির একটি অনুষ্ঠানে আবারও ডিসেম্বরে ফেরার কথা জানান, তবে নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করেননি।

গোয়েন্দা সংস্থার আশঙ্কা, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে ডিসেম্বরে রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে। পাল্টাপাল্টি সমাবেশ, বিক্ষোভ, সংঘর্ষ, অবরোধ ও নাশকতার ঝুঁকিও রয়েছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হওয়ার চেষ্টা করতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

বিজিবি সদর দপ্তর সূত্র জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশের চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করা হবে। সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অবৈধভাবে প্রবেশ বা দেশত্যাগ করতে না পারে, সে জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, ‘সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে বিজিবি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বিজিবি ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন গতকাল সোমবার জানান, ময়মনসিংহ সেক্টরের অধীন ২৪২ দশমিক ৫ কিলোমিটার সীমান্তে তিনটি ব্যাটালিয়ন দিনরাত দায়িত্ব পালন করছে। প্রতিটি বর্ডার আউটপোস্টের (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি জানান, এ সেক্টরে ৫০টির বেশি সিসি ক্যামেরা, ৩০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস, ড্রোন ও থার্মাল ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে। পাশাপাশি আরও ৬৫টি সিসি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় টহলের জন্য এটিভিসহ বিশেষ যান ব্যবহার করা হচ্ছে। প্রতিটি বিওপি থেকে দিনে ও রাতে নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহল দলও দায়িত্ব পালন করছে। বিজিবির অন্যান্য সেক্টর ও ব্যাটালিয়নেও একই ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

গোয়েন্দা সংস্থার সুপারিশে ১০ নভেম্বর থেকে বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলাগুলোতে বিজিবি মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি ২০ নভেম্বর থেকে দেশের সব জেলায় বিজিবি মোতায়েনের সুপারিশ করা হয়েছে। প্রতিটি জেলা, মহানগর ও পুলিশ ইউনিটকে নিজস্ব নিরাপত্তা পরিকল্পনা তৈরির নির্দেশনাও দেওয়া হয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্পর্শকাতর স্থান চিহ্নিত করে নজরদারি বাড়ানোর পাশাপাশি আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মীদের আগাম শনাক্ত করার ওপর জোর দেওয়া হয়েছে।

শিল্পাঞ্চল ও বিশ্ববিদ্যালয়ে নজরদারি

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, নাশকতা, অবরোধ, মিছিল কিংবা সমাবেশের মাধ্যমে কেউ পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তা আগেই শনাক্ত করতে হবে। এ ক্ষেত্রে আইন অনুযায়ী আগাম ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

আওয়ামী লীগ-সমর্থিত বা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ও এনজিওতে কর্মরত ব্যক্তিদের পিসিপিআর যাচাই এবং এসব প্রতিষ্ঠানের আয়োজনে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় যাচাইয়েরও সুপারিশ রয়েছে। দলটির সহযোগী সংগঠন ও সমর্থিত প্রতিষ্ঠানের সন্দেহজনক কর্মসূচিকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনায় নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

শিল্পাঞ্চলেও বাড়তি সতর্কতা জারির সুপারিশ করা হয়েছে। শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে নাশকতার আশঙ্কায় রাজধানীর মিরপুর ও পল্লবী, গাজীপুরের কোনাবাড়ী, কালিয়াকৈর, কাশিমপুর ও ভোগড়া বাইপাস এবং আশুলিয়া ও সাভার এলাকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিল্প পুলিশ, থানা পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিতির বিষয়টি উল্লেখ করে ক্যাম্পাসের রাজনৈতিক তৎপরতা পর্যবেক্ষণের সুপারিশ করেছে গোয়েন্দা সংস্থা।

রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার প্রস্তাব

রাজনৈতিক উত্তেজনা কমাতে জুলাই অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দল ও শক্তিগুলোর মধ্যে গোলটেবিল বৈঠকের প্রস্তাবও দেওয়া হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। আওয়ামী লীগ ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বিরোধী জোট ও ঐক্যের নেতাদের আলোচনায় আনার পরামর্শ দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এক কর্মকর্তা বলেন, ‘শিল্পাঞ্চল ও বিশ্ববিদ্যালয়গুলোতে নজরদারির জন্য প্রয়োজনে ড্রোন উড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনের অনুলিপি আইজিপি, কোস্ট গার্ড, বিজিবি, এসআরবি মহাপরিচালকসহ সব বাহিনী ও ইউনিটপ্রধানদের কাছে পাঠানো হয়েছে।’

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলমের ভাষ্য, সরকারি স্থাপনায় নাশকতা ও ভাঙচুরের পেছনে বিদেশ থেকে উসকানি রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত চেকপোস্ট, বিশেষ টহল ও সড়কে প্রতিবন্ধকতা বসানো হয়েছে। এ কাজে নাইট ভিশন, থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জ ফাইন্ডার ও সার্চলাইট ব্যবহার করা হচ্ছে। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।

একই ধরনের সতর্কতার কথা জানিয়েছেন বিজিবি ৩৩ ব্যাটালিয়নের (সাতক্ষীরা) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। তিনি বলেন, বৈধ পাসপোর্টধারীরা নির্ধারিত ইমিগ্রেশন চ্যানেল ব্যবহার করতে পারবেন। তবে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। কেউ অবৈধভাবে প্রবেশ করলে তাঁকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, টহল বৃদ্ধি ও চেকপোস্ট জোরদারের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) কামরুম মুনিরা। তিনি বলেন, ‘নিষিদ্ধ সংগঠন বা রাজনৈতিক দলের কেউ নাশকতা কিংবা অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান নিখোঁজ

বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান নিখোঁজ

বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিরাপত্তার ৯ স্তরে ঘেরা থাকবে ডিসেম্বর

নিরাপত্তার ৯ স্তরে ঘেরা থাকবে ডিসেম্বর

ছাত্রদল কর্মীদের গুলির ঘটনায় জামায়াত নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ

ছাত্রদল কর্মীদের গুলির ঘটনায় জামায়াত নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App