প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:০১ পিএম
ছবি : সংগৃহীত
পোশাকশ্রমিকদের জীবনমান উন্নয়ন ও সুযোগ-সুবিধা বাড়াতে প্রধানমন্ত্রীর সাতটি বিশেষ উদ্যোগের কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, শ্রমিকদের কল্যাণে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, ফ্যামিলি কার্ড প্রদান, ভর্তুকি মূল্যে চাল সরবরাহ, বাড়িভাড়া ও যাতায়াত খরচ নিয়ন্ত্রণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সভাকক্ষে গার্মেন্টস শিল্পের নিম্নতম মজুরি নির্ধারণ-২০২৬ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দ্রুততম সময়ে মজুরি বোর্ড গঠন করে স্বাধীনভাবে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ করেছে। স্বতন্ত্র মজুরি বোর্ড ঐকমত্যের ভিত্তিতে গ্রহণযোগ্য মজুরি কাঠামো তৈরি করেছে। এ প্রক্রিয়ায় সরকারের সরাসরি কোনো হস্তক্ষেপ ছিল না।
প্রধানমন্ত্রীর সাতটি শ্রমিকবান্ধব উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রমঘন এলাকায় সাতটি ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নির্মাণ, ফ্যামিলি কার্ড প্রদান, ভর্তুকি মূল্যে চাল সরবরাহ, বাড়িভাড়া ও পরিবহন খরচ বৃদ্ধি নিয়ন্ত্রণ, শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষা উপকরণ প্রদান এবং বহুতল আবাসন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সংসদে প্রধানমন্ত্রী ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিলেও শ্রমিকদের মতামতের ভিত্তিতে হাসপাতালের সংখ্যা বাড়িয়ে সাতটি করা হয়েছে। এসব হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারও থাকবে। ইতোমধ্যে জমি অধিগ্রহণের কাজ চলছে। দ্রুত হাসপাতালগুলোর কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে মাহদী আমিন বলেন, দ্রুততম সময়ে পোশাকশ্রমিকদের হাতে এ কার্ড পৌঁছে দিতে কাজ করছে সরকার। নারী শ্রমিকদের নিজেদের নামে এবং পুরুষ শ্রমিকদের স্ত্রীদের নামে কার্ড দেওয়ার ক্ষেত্রে পোশাকশিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
এ ছাড়া শ্রমঘন এলাকায় ওএমএসের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল সরবরাহ করা হচ্ছে। আরও বেশি শ্রমিককে এ সুবিধার আওতায় আনতে ওএমএস কার্যক্রম সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মজুরি বৃদ্ধির পর বাড়িভাড়া ও যাতায়াত খরচ বেড়ে যাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। মাহদী আমিন বলেন, হুট করে বাড়িভাড়া বাড়ানোর সংস্কৃতি বন্ধে আইনের প্রয়োগ নিশ্চিত করা হবে। এ বিষয়ে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাড়ির মালিকদের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে বাসভাড়া ও পরিবহন খরচ যাতে অযৌক্তিকভাবে না বাড়ে, সে বিষয়েও কাজ করছে সরকার।
শ্রমিকদের সন্তানদের শিক্ষাব্যয় কমাতে শ্রমঘন এলাকার প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার পাশাপাশি মিড-ডে মিল চালু এবং পুনঃভর্তি ফি বন্ধ করা হয়েছে বলেও জানান মাহদী আমিন। শ্রমিকদের আবাসন সংকট নিরসনে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণের বিষয়েও প্রধানমন্ত্রীর ইতিবাচক মনোভাব রয়েছে।
নতুন মজুরি কাঠামোর বিষয়ে তিনি জানান, গত তিন বছরে পোশাকশ্রমিকদের চারটি গ্রেডে নিম্নতম মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। টাকার হিসাবে গ্রেডভেদে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ থেকে ৬ হাজার ৪৬৫ টাকা।
নতুন কাঠামো অনুযায়ী, প্রথম গ্রেডে নিম্নতম মজুরি ১৫ হাজার ৩৫ টাকা থেকে ৪৩ শতাংশ বেড়ে ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় গ্রেডে ১৪ হাজার ২৭৩ টাকা থেকে ৪০ দশমিক ১১ শতাংশ বেড়ে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪১ দশমিক ৭০ শতাংশ বেড়ে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩৬ শতাংশ বেড়ে ১৭ হাজার টাকা করা হয়েছে।
মাহদী আমিন বলেন, মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরি কাঠামো বিবেচনায় নিয়ে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বড়, মাঝারি ও ক্ষুদ্র কারখানার সক্ষমতাও পর্যালোচনা করেছেন মজুরি বোর্ডের সদস্যরা। মূল মজুরির সঙ্গে বোনাস ও ওভারটাইম যুক্ত হলে অনেক শ্রমিক মাসে ২৫ হাজার টাকা বা তার বেশি আয় করতে পারবেন বলে মালিকপক্ষের প্রতিনিধিরা প্রত্যাশা করছেন।
তিনি আরও বলেন, সরকার গঠনের পর স্বল্প সময়ের মধ্যে শ্রমবান্ধব শ্রম আইন পাস করা হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত চ্যালেঞ্জ ও শিল্পে জ্বালানি সংকটের মধ্যেও দ্রুত মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সাধারণত পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হলেও ২০২৩ সালের পর মাত্র তিন বছরের ব্যবধানে ২০২৬ সালে নতুন বোর্ড গঠন করা হয়েছে।
পোশাকশিল্পের বিকাশে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।
শিল্প ও শ্রমিককে একে অপরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, শিল্পের বিকাশ ঘটলে কর্মসংস্থান বাড়বে এবং মালিকদের সক্ষমতা বাড়লে শ্রমিকদের সুযোগ-সুবিধাও সম্প্রসারিত হবে। শিল্পের জ্বালানি সংকট মোকাবিলায় তৃতীয় এফএসআরইউ স্থাপনের কাজ চলছে। পাশাপাশি জ্বালানি তেলের উৎস বৈচিত্র্যময় করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মজুরি বোর্ডের সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, বোর্ডের সদস্যরা স্বাধীন, নিরপেক্ষ ও স্বতন্ত্রভাবে কাজ করে সবার কাছে গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করেছেন। সরকার কেবল প্রক্রিয়াটি সহজ করেছে এবং সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সমর্থন দিয়েছে।
শ্রমিকদের অবদানের কথা তুলে ধরে মাহদী আমিন বলেন, শ্রমিকদের ত্যাগ, শ্রম ও ঘামের বিনিময়েই বিশ্বজুড়ে ‘মেড ইন বাংলাদেশ’ পরিচিতি পেয়েছে। এ অর্জন ধরে রাখতে শিল্পমালিক, শ্রমিক ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে কারখানার উৎপাদন অব্যাহত রাখা এবং শ্রমিকদের আনন্দের সঙ্গে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীসহ বোর্ডের সদস্য, বিজিএমইএ, বিকেএমইএ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।
