ফাহিমের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মামলা, জুলাই ঐক্যের প্রতিবাদ
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম
ছবি : সংগৃহীত
মঞ্চ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক দায়ের করা মানহানির মামলার প্রতিবাদ জানিয়েছে জুলাই ঐক্য। সংগঠনটি অবিলম্বে মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়েছে। তাদের মতে, রাজনৈতিক বক্তব্য ও মতপার্থক্যের জবাব মামলা-মোকদ্দমার মাধ্যমে নয়, বরং রাজনৈতিকভাবে দেওয়া উচিত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জুলাই ঐক্যের সংগঠক ইসরাফিল ফরাজী এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব সম্পর্কে উত্থাপিত অভিযোগ কিংবা বক্তব্য আপত্তিকর, অসত্য বা বিভ্রান্তিকর মনে হলে তার জবাব সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রতিবাদ, তথ্য-প্রমাণ উপস্থাপন ও রাজনৈতিক আলোচনার মাধ্যমে দেওয়া যেতে পারে। কিন্তু রাজনৈতিক বিষয়কে সরাসরি আদালতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক মতপার্থক্য মোকাবিলায় অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ।
জুলাই ঐক্য মনে করে, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক সমালোচনার অধিকার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। কোনো বক্তব্যের সঙ্গে দ্বিমত থাকলেই মামলা-মোকদ্দমার আশ্রয় নেওয়া সুস্থ রাজনৈতিক চর্চার পরিপন্থী। বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যে গণতান্ত্রিক, মতপ্রকাশের স্বাধীনতাভিত্তিক ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা তৈরি হয়েছে, সেখানে রাজনৈতিক বিরোধকে আইনি প্রক্রিয়ায় মোকাবিলার প্রবণতা উদ্বেগজনক।
বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো একটি রাজনৈতিক দলের কাছে দায়িত্বশীল ও পরিণত আচরণ প্রত্যাশা করে জুলাই ঐক্য। রাজনৈতিক বক্তব্যের জবাব যুক্তি, তথ্য ও সংলাপের মাধ্যমে দেওয়া উচিত। ভিন্নমত দমনে মামলা-মোকদ্দমার পথ বেছে নেওয়া উচিত নয়।
জুলাই ঐক্য অবিলম্বে মঞ্চ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। একই সঙ্গে রাজনৈতিক বিরোধ আদালতে না নিয়ে গণতান্ত্রিক ও সহনশীল রাজনৈতিক চর্চায় ফিরে আসার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক মতপার্থক্যের সমাধান রাজনৈতিক পরিসরেই হওয়া উচিত। জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে দায়িত্বশীল, সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব রাজনৈতিক দলের এগিয়ে আসা প্রয়োজন।
