মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর বাতিলের কারণ জানালেন প্রতিমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পিএম
ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আগামী ৭ ডিসেম্বর ঢাকায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। দুই দিনের বাংলাদেশ সফর শেষে তাঁর থাইল্যান্ড যাওয়ারও পরিকল্পনা ছিল। তবে মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ ও থাইল্যান্ড—দুই দেশের সফরই স্থগিত করেছেন তিনি।
ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাঁদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনার কথা ছিল। গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এর আগে গত জুনে আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সেটিই ছিল তাঁর প্রথম সরকারি বিদেশ সফর।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফরে এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। ওই সফরে তিনি তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
