‘১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে সরে এলেন শেখ হাসিনা’
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:২০ পিএম
ছবি : সংগৃহীত
১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে শেখ হাসিনা একপ্রকার সরে এসেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসছে, ততই সংশ্লিষ্টদের বক্তব্যের সুর পরিবর্তন হচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খাঁন। পোস্টে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবুল আরাফাতের একটি ভিডিও যুক্ত করেন তিনি।
রাশেদ খাঁন লেখেন, ‘১৬ ডিসেম্বর শেখ হাসিনার ফেরা রাষ্ট্রীয় বিমান পাঠানোর সঙ্গে সম্পর্কিত’—এমন মন্তব্য করেছেন এমএ আরাফাত। এ প্রসঙ্গে তিনি বলেন, আগেই ধারণা করেছিলেন, ১৬ ডিসেম্বর যত ঘনিয়ে আসবে, ততই বক্তব্যের সুর পরিবর্তন হবে।
পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, গত রাতে ফেসবুক লাইভের অডিওবার্তায় শেখ হাসিনা বলেছেন, তিনি সবকিছু কিনে গুছিয়ে রেখেছেন, যদি যাওয়ার সুযোগ হয়। অন্য একটি বক্তব্যে তিনি সুযোগ পেলে দেশে ফেরার কথা বলেছেন। তবে ১৬ ডিসেম্বরই দেশে ফিরবেন—এমন কথা স্পষ্টভাবে একবারও বলেননি।
এসব বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা থেকে একপ্রকার সরে এসেছেন বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টের শেষাংশে আগুনসন্ত্রাসে জড়িতদের উদ্দেশে সতর্কবার্তা দেন তিনি। রাশেদ খাঁন লেখেন, যারা আগুনসন্ত্রাস চালাচ্ছেন, তাদের সবাই ভারতে পালিয়ে যেতে পারবেন না। শেখ হাসিনার অডিও বক্তব্যের পর অন্তত এই ধরনের সন্ত্রাস থেকে সরে আসা উচিত। অন্যথায় নতুন করে বাংলাদেশের জনগণের গণপ্রতিরোধের মুখোমুখি হলে কারও অস্তিত্ব থাকবে না।
এ প্রসঙ্গে বাগেরহাটবাসী প্রতিরোধের ধরন বুঝিয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছিলেন। এ জন্য তিনি রাষ্ট্রীয় বিমান চেয়েছিলেন বলে বিভিন্ন বক্তব্যে উঠে আসে। তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামির এ ধরনের আবদার তামাশার মতো। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হবে বলেও জানানো হয়েছে।
