দেশ রসাতলে যাচ্ছে: রেজাউল করিম
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি : সংগৃহীত
রাজনৈতিক দলগুলোর দলান্ধ সিদ্ধান্তের কারণে দেশ রসাতলের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। তাঁর অভিযোগ, দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ায় দেশের স্বার্থ উপেক্ষিত হচ্ছে এবং এর নেতিবাচক প্রভাব পড়ছে জাতীয় রাজনীতিতে।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় স্বার্থই মুখ্য। দেশের স্বার্থ সবসময় উপেক্ষিত থেকেছে, যার পরিণতি জনগণকে ভোগ করতে হচ্ছে। দলগুলোর দলান্ধ সিদ্ধান্তের কারণে চব্বিশের পর সংস্কার ও বিচার নিশ্চিত করা যায়নি এবং ফ্যাসিবাদবিরোধী ঐক্যও ভেঙে পড়েছে।
তিনি বলেন, সাম্প্রতিক ঐক্যের আলোচনাতেও দলগুলোর নিজস্ব স্বার্থ প্রাধান্য পাচ্ছে। এর সুযোগ নিচ্ছে পতিত শক্তি। দেশকে অরাজকতা থেকে রক্ষা করতে দলান্ধ সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে।
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, জুলাই আন্দোলনের প্রধান ভিত্তিমূলক দাবি ছিল রাষ্ট্র সংস্কার ও পতিত ফ্যাসিবাদের বিচার। কিন্তু সংস্কার নিয়ে বিএনপির মনোভাব হতাশাজনক এবং বিচারপ্রক্রিয়াও গতিহীন হয়ে পড়েছে বলে তিনি মনে করেন। জুলাইয়ের ঐক্য ধরে রাখতে সংস্কার ও বিচারের বিষয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
বিরোধী দলের উদ্দেশে তিনি আরও বলেন, নিজস্ব জোটের অভ্যন্তরীণ রাজনীতি যদি ফ্যাসিবাদের পথ সুগম করে, তাহলে এর দায় এড়ানোর সুযোগ থাকবে না।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিও আহ্বান জানিয়ে রেজাউল করীম বলেন, সহিংসতা ও সন্ত্রাস ছিল দলটির পতনের অন্যতম কারণ। পতনের পরও একই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতায় ফেরার চেষ্টা তাদের জন্য উল্টো ফল বয়ে আনবে। তিনি জাতির কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি শেখ হাসিনাসহ অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের কাছে আত্মসমর্পণ এবং পাচার করা অর্থ ফেরত দেওয়ার আহ্বান জানান।
জেলা প্রতিনিধি সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলোয়ার হোসাইন সাকী, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা নুরুল করীম আকরাম, মাওলানা আরিফুল ইসলাম ও উপাধ্যক্ষ সিরাজুল ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা।
