দেশজুড়ে ‘জুলাই পদযাত্রা’ করবে এনসিপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম
ছবি: সংগৃহীত
গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আগামী ৬ জুলাই থেকে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি শুরু করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাসব্যাপী ‘জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
শনিবার (৪ জুলাই) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
তিনি বলেন, ২০২৫ সালে দল গঠনের পর দেশের ৬৪ জেলা শহরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করা হয়েছিল। এবার গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সীমান্ত সুরক্ষার দাবিকে সামনে রেখে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ আয়োজন করা হচ্ছে।
সারজিস আলম বলেন, জুলাই মাস তাদের কাছে আত্মত্যাগ, গণতন্ত্র, ন্যায়বিচার এবং নতুন বাংলাদেশ গঠনের প্রতীক। মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্ম ও সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, শহীদদের স্মরণ এবং দেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করাই এই উদ্যোগের লক্ষ্য।
তিনি জানান, আগামী ৬ জুলাই গাজীপুরের কালীগঞ্জ থেকে পদযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এতে দলের আহ্বায়ক, সদস্যসচিব, মুখ্য সংগঠকসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
এছাড়া ৭ জুলাই থেকে কক্সবাজারের উখিয়া থেকে দক্ষিণাঞ্চলের কর্মসূচি শুরু হবে। উত্তরাঞ্চলের পদযাত্রার নেতৃত্ব দেবেন সারজিস আলম ও নাসীরউদ্দীন পাটওয়ারী। অন্যদিকে দক্ষিণাঞ্চলের নেতৃত্বে থাকবেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, যেসব ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপি প্রার্থী ঘোষণা করেছে, সেসব এলাকাতেই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের সমস্যার কথা সরাসরি শোনা হবে এবং সেগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, পদযাত্রার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, প্রার্থীদের পরিচিতি বৃদ্ধি এবং সাংগঠনিক সক্ষমতা মূল্যায়নের সুযোগ তৈরি হবে।
সারজিস আলম জানান, কর্মসূচিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সংকট, কৃষি উপকরণের দাম বৃদ্ধি এবং বাজারে সিন্ডিকেটের প্রভাবের বিষয়গুলোও গুরুত্ব পাবে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বণ্টনে বৈষম্য রয়েছে। তাঁর দাবি, রাষ্ট্রের সুবিধা সব নাগরিকের জন্য সমানভাবে নিশ্চিত হওয়া উচিত এবং মাঠপর্যায়ের মানুষের নানা বঞ্চনার বিষয়ও পদযাত্রায় তুলে ধরা হবে।
তিনি আরও জানান, কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৫ জুলাই কুড়িগ্রামে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশে এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় কৃষক শক্তি’র আত্মপ্রকাশের পরিকল্পনা রয়েছে। এছাড়া ১৬ জুলাই রংপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতে অংশ নেবেন দলের নেতারা।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন এনসিপির অন্যতম অগ্রাধিকার। তাঁর দাবি, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া আওয়ামী লীগের বিচারসংক্রান্ত বক্তব্যের বাস্তবায়ন দেখতে চায় এনসিপি। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার যেকোনো প্রচেষ্টার সমালোচনা করে তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে এনসিপির শীর্ষ নেতা আলী আহসান জুনায়েদ, মাহিন সরকারসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
