এনসিপির হুঁশিয়ারি
মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১১:০৮ পিএম
ছবি : সংগৃহীত
বিদ্যুৎ ও জ্বালানির মতো রাষ্ট্রীয় নিরাপত্তার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট খাতকে কোনোভাবেই বেসরকারি স্বার্থ বা প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর মুনাফার হাতিয়ার হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটি অভিযোগ করেছে, জ্বালানি খাত নিয়ে সরকারের কিছু সাম্প্রতিক উদ্যোগের আড়ালে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর সঙ্গে গোপন সমঝোতার চেষ্টা চলছে। এমন কোনো উদ্যোগ নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে দলটি।
সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।
বিবৃতিতে এনসিপি নেতারা বলেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের গুরুত্বপূর্ণ অংশ জ্বালানি খাতকে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর নিয়ন্ত্রণে দেওয়ার যেকোনো উদ্যোগ রাষ্ট্র ও জনগণের স্বার্থের পরিপন্থী। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে তারা দাবি করেন, ঋণ জালিয়াতি, ব্যাংক অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগ থাকা একটি ব্যবসায়ী গোষ্ঠীকে জাতীয় পেট্রোলিয়াম বাণিজ্যের বড় অংশ নিয়ন্ত্রণের সুযোগ দেওয়ার চেষ্টা চলছে।
এনসিপির নেতারা বলেন, জ্বালানি খাতে রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানোর পরিবর্তে কোনো নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠীর ওপর নির্ভরতা তৈরি করা হলে দেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তারা সরকারের কাছে এ ধরনের উদ্যোগের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।
বিবৃতিতে আরও বলা হয়, আগের সরকারের সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ সুবিধা দেওয়ার মাধ্যমে অনিয়মের সুযোগ তৈরি হয়েছিল। কুইক রেন্টাল ও ক্যাপাসিটি চার্জের মতো বিভিন্ন ব্যবস্থার সমালোচনা করে এনসিপি দাবি করে, ওই সময় জনগণের অর্থের অপচয় ও অনিয়মের অভিযোগ উঠেছিল।
দলটি অভিযোগ করে, বর্তমানে একই ধরনের নীতি অনুসরণের চেষ্টা করা হলে তা হবে জনস্বার্থবিরোধী। বিশেষ করে ডিজেল, পেট্রল ও অকটেনের মতো গুরুত্বপূর্ণ জ্বালানির সরবরাহ ও মূল্য ব্যবস্থাপনায় কোনো বেসরকারি গোষ্ঠীর অতিরিক্ত প্রভাব তৈরি করা উচিত নয় বলে মন্তব্য করেছে তারা।
এনসিপি আরও দাবি করেছে, জ্বালানি খাতে দ্রুত তদন্ত কমিটি গঠন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিবর্তন এবং অল্প সময়ে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়ে প্রশ্ন রয়েছে। এসব সিদ্ধান্তের ক্ষেত্রে যথাযথ যাচাই, জনস্বার্থ এবং রাষ্ট্রীয় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।
বিবৃতিতে এনসিপি বিদ্যুৎ ও জ্বালানি খাতে রাষ্ট্রীয় মালিকানা ও নিয়ন্ত্রণ জোরদার করার দাবি জানায়। একই সঙ্গে জ্বালানি নিরাপত্তা নিয়ে কোনো ধরনের গোপন সমঝোতা বা সিদ্ধান্ত নেওয়া হলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।
