রাশেদ খাঁন
‘জামায়াত লং মার্চের নামে লং ড্রাইভ করছে’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম
ছবি: সংগৃহীত
গ্যাস-বিদ্যুৎ সংকটকে ‘জাতীয় সংকট’ আখ্যা দিয়ে এ সমস্যা সমাধানে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী সংকট সমাধানে সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে ‘লংড্রাইভ’ করছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান।
রাশেদ খান বলেন, ‘গ্যাস-বিদ্যুতের সংকট এখন জাতীয় সংকট। এই সংকট সমাধানে সরকার ও বিরোধী দলকে একসঙ্গে কাজ করা দরকার। কিন্তু জামায়াত সরকারকে সহযোগিতা না করে লংমার্চের নামে লংড্রাইভ করছে।’
জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, ‘এই জামায়াত ১৯৯৬ সালে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে নিয়ে আন্দোলন করেছিল। এখন জ্বালানি সংকটকে পুঁজি করে জামায়াত আওয়ামী লীগকে বিক্ষোভ করার সাহস জোগাচ্ছে।’
আরও পড়ুন: আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করছে জামায়াত
জামায়াতের আমিরের উদ্দেশে রাশেদ খান বলেন, ‘আপনারা লংমার্চের নামে লংড্রাইভ বন্ধ করুন।’
আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল প্রসঙ্গে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ আর রাজনীতিতে ফিরতে পারবে না। তিনি দাবি করেন, দলটি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে জনগণের আস্থা হারিয়েছে।
শেখ হাসিনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শেখ হাসিনা মারা গেলে তার লাশও দেশে ফিরিয়ে আনার মতো শেখ পরিবারের কেউ নেই। আওয়ামী লীগের নেতারা কেউ দেশেই আসতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ এখন পচে-গলে ধ্বংস হয়ে গেছে। দেশের জনগণ তাদের আর গ্রহণ করবে না।’
জামায়াতের এমপির বক্তব্যের সমালোচনা
জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খান। তিনি বলেন, ‘তিনি তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি বক্তৃতায় বলেছেন, তিনি অনেক বড় হ্যাডমওয়ালা, তার হ্যাডম নাকি শেখ হাসিনা জানতেন।’
রাশেদ খান বলেন, ‘আমার ইচ্ছে, আমি শেখ হাসিনাকে যদি পেতাম, তাহলে শফিকুল ইসলাম মাসুদের হ্যাডম বা শক্তি কতটুকু, তা জানতে চাইতাম।’
জামায়াতের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ তুলে তিনি বলেন, ‘গুপ্ত বট বাহিনী দিয়ে শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াতের নেতারা বিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের চরিত্র হনন করছে।’
তিনি আরও অভিযোগ করেন, ‘তারা সেনাবাহিনী মানে না, তারা কোনো বাহিনী মানে না। কারণ তাদের কাছে তাদের বট বাহিনীই সবকিছু।’
‘দেশে কোনো সার সংকট নেই’
দেশের সার সংকট ও কৃষকদের ভোগান্তির প্রসঙ্গেও কথা বলেন রাশেদ খান। তিনি দাবি করেন, দেশে বর্তমানে কোনো সার সংকট নেই; বরং কিছু ডিলার কৃত্রিমভাবে সার মজুত করে সংকট তৈরি করার চেষ্টা করছেন।
তিনি বলেন, ‘ডিলাররা কৃত্রিমভাবে সার মজুত করে সংকট দেখানোর অপচেষ্টা চালাচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরে সারের ডিলার হিসেবে কারা নিয়োগ পেয়েছে, তা সবাই জানে।’
আরও পড়ুন: দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে
রাশেদ খান বলেন, সরকার ওই ‘ফ্যাসিস্ট সুবিধাভোগী’ সার ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। পাশাপাশি সার ব্যবসার পুরো ব্যবস্থাপনা নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ সময় কৃষকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, সার সরবরাহের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
এর আগে সকাল ১০টায় তেতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান।
সভায় জেলা বিএনপির সহসভাপতি ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দীনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
