সাদিককে অভিনন্দন জানিয়ে পাটওয়ারীর পোস্ট
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামীর ঘোষিত মেয়র প্রার্থী আবু সাদিক কায়েমকে আন্তরিক স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন আরেক মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাদিক কায়েমকে অভিনন্দন জানান তিনি।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মেয়র প্রার্থী হিসেবে আবু সাদিক কায়েমকে আন্তরিক স্বাগত ও অভিনন্দন।’
তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিযোগিতায় মতের ভিন্নতা থাকলেও সৌহার্দ্য, সৌজন্য ও ইতিবাচক প্রতিযোগিতা থাকা উচিত।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও লেখেন, ‘আসুন, ঢাকার জন্য প্রতিযোগিতা হোক কে কতটা ভালো সেবা ও পরিবর্তন দিতে পারি।’
পোস্টের শেষে আবু সাদিক কায়েমের জন্য শুভকামনা জানান তিনি।
এর আগে সোমবার বিকেলে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ঢাকা মহানগর উত্তর আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম প্রতিদ্বন্দ্বিতা করবেন।
