গ্যাস সংকট নিরসনে ১১ দলীয় জোটের দুই দিনের কর্মসূচি ঘোষণা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:০০ এএম
ছবি : সংগৃহীত
জ্বালানি সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
সোমবার (৩ আগস্ট) রাতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে জানানো হয়, দেশে চলমান গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক বিল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জোট গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এসব সমস্যার সমাধানের দাবিতে ৫ ও ৬ আগস্ট কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৫ আগস্ট বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদের পাশাপাশি জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
এ ছাড়া ৬ আগস্ট দেশের সব মহানগর ও জেলা শহরে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে জোট। একই দিন সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে কেন্দ্রীয় অবস্থান কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে।
ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ ১১ দলীয় জোটের বিভিন্ন দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
