×

রাজনীতি

ঢাবি ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় একাধিক নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:৩২ পিএম

ঢাবি ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় একাধিক নেতা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটিও ঘোষণা হতে পারে যেকোনো সময়। সাধারণত ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি একই সময়ে বা কাছাকাছি সময়ে ঘোষণা করা হয়। সাংগঠনিক ধারাবাহিকতা বজায় রাখতে কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তনের সঙ্গে ঢাবি শাখাকেও নতুন করে সাজানো হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত হওয়ায় সংগঠনটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হিসেবে বিবেচিত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন নেতৃত্ব নিয়েও জোর আলোচনা চলছে। দলীয় একাধিক সূত্রের দাবি, চলতি সপ্তাহেই কেন্দ্রীয় কমিটির সঙ্গে ঢাবি শাখার নতুন কমিটিও ঘোষণা হতে পারে।

২০২৪ সালের মার্চে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি এবং নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছিল। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন কমিটি গঠনের আলোচনা শুরু হলেও রাজনৈতিক ও সাংগঠনিক নানা কারণে তা পিছিয়ে যায়।

আরও পড়ুন: ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগ, তদন্তে কমিটি

দলীয় সূত্রে জানা গেছে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক নেতা আলোচনায় রয়েছেন। ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান ও গাজী মোহাম্মদ আল-আমিন এবং সহসাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসানের নাম সম্ভাব্য শীর্ষ নেতৃত্ব হিসেবে আলোচনায় রয়েছে।

এ ছাড়া ২০১৪-১৫ শিক্ষাবর্ষ থেকে বিজয় একাত্তর হলের সাবেক সাধারণ সম্পাদক বি এম কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ খান ও আলমগীর হোসেন আলমের নামও আলোচনায় রয়েছে।

২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে যুগ্ম সম্পাদক বজলুর রহমান বিজয় ও আবিদুল ইসলাম খান এবং ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু হায়াত মো. জুলফিকার জেসান, প্রচার সম্পাদক তানভীর হাসান ও শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মাহমুদুল হাসানের নাম সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছে।

এ ছাড়া ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক মেহেদী হাসান, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিক এবং ক্রীড়া সম্পাদক সাইফুল্লাহ সাইফও আলোচনায় রয়েছেন।

ছাত্রদলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা জানিয়েছেন, এবারের নেতৃত্ব নির্বাচনে বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা, ব্যক্তিগত ভাবমূর্তি, ত্যাগ, দলের প্রতি আনুগত্য এবং শিক্ষার্থীদের মধ্যে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে নিয়মিত শিক্ষার্থী, বিতর্কমুক্ত ও শিক্ষার্থীবান্ধব নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কঠোর অবস্থানে রয়েছে।

পদপ্রত্যাশী ও বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক জসিম খান বলেন, ‘নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের নেতা জনাব তারেক রহমানের মূল লক্ষ্য হলো—মেধা, ত্যাগ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির সমন্বয়। নেতার লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ ভূমিকা রাখতে পারবে এবং একই সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের কাছে অনুকরণীয় ও নির্ভরযোগ্য নেতৃত্বই আমাদের প্রত্যাশা।’

দলীয় সূত্র বলছে, কমিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ফলে আগের মতো গ্রুপভিত্তিক কমিটি নাও হতে পারে। এ কারণে শেষ পর্যন্ত কারা নতুন নেতৃত্বে আসছেন, তা এখনো স্পষ্ট নয়। সম্ভাব্য কমিটি নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তাই ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমাদের হাতে তো কোনো জাদু নেই’

গ্যাস-সংকট নিয়ে অর্থমন্ত্রী ‘আমাদের হাতে তো কোনো জাদু নেই’

আমির হামজার ওপর হামলাকারীদের গ্রেফতারে জামায়াতের ২৪ ঘণ্টার আলটিমেটাম

আমির হামজার ওপর হামলাকারীদের গ্রেফতারে জামায়াতের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঢাবি ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় একাধিক নেতা

ঢাবি ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় একাধিক নেতা

মডেল রিধির আত্মহত্যায় কারাগারে প্রেমিক

মডেল রিধির আত্মহত্যায় কারাগারে প্রেমিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App