ডা. শফিকুর রহমান
প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা থেকে সরে এসে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সরকারি চাকরিতে নিয়োগ রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নয়, প্রার্থীর যোগ্যতার ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সরকারের প্রতি এ আহ্বান জানান শফিকুর রহমান।
পোস্টে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতির খেলা’ থেকে সরকারকে সরে আসতে হবে এবং মেধার যথাযথ মূল্যায়ন করতে হবে।
শফিকুর রহমানের বক্তব্য, সরকারি চাকরিতে প্রবেশ কোনো রাজনৈতিক আনুগত্যের বিষয় হতে পারে না। একজন নাগরিকের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে তার মেধা ও যোগ্যতাকেই প্রধান বিবেচনা করা উচিত।
প্রাথমিক শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ভেরিফিকেশনের নামে আগের আমলের অনিয়ম বা অপচর্চা চালিয়ে যাওয়ার অভিযোগ থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের কোনো কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না।
তিনি আরও বলেন, অন্যায় বা অনিয়মের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে।
পোস্টে তরুণ ও মেধাবী চাকরিপ্রার্থীদের নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হওয়ার আহ্বানও জানান বিরোধীদলীয় নেতা। তার ভাষ্য, কোনো ধরনের ছাড় দেওয়া হলে দেশ মেধাবঞ্চিত ব্যবস্থার দিকে চলে যেতে পারে। তাই এ বিষয়ে আপসের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
