জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন থাকবে জামায়াত: নূরুল ইসলাম বুলবুল
কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম
ছবি : সংগৃহীত
জনগণের অধিকার ও আকাঙ্ক্ষা প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী দায়িত্বশীল ও আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। তিনি বলেন, সংসদের পাশাপাশি রাজপথেও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে জামায়াত। তার দাবি, জনগণের বিপক্ষে গিয়ে সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনো একক আধিপত্য টিকিয়ে রাখা সম্ভব নয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক রাজনৈতিক দলের ভূমিকা পালনের পাশাপাশি সংসদের প্রধান বিরোধীদল হিসেবে জনগণের মুখপাত্র হিসেবেও কাজ করছে। তার অভিযোগ, সরকার সংসদীয় ভাষা বুঝতে না পারায় সংসদে জনগণের দাবি পূরণে কার্যকরভাবে কাজ করছে না। এ কারণে বিরোধীদল সংসদের পাশাপাশি রাজপথেও গণমানুষের অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হচ্ছে।
তিনি বলেন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমে চূড়ান্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন বুলবুল। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলেও সরকার উদাসীন। পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
তেলের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, তেলের দাম বাড়ায় দ্রব্যমূল্য আরও ঊর্ধ্বমুখী হচ্ছে, যার প্রভাব পড়ছে জনজীবনে। সরকার মধ্যপ্রাচ্যের সমস্যার কথা বলে তেলের দাম বাড়ালেও তার মতে, এর চেয়ে বড় সমস্যা হচ্ছে সিন্ডিকেট, দুর্নীতি ও অব্যবস্থাপনা।
পে-স্কেল দেওয়ার আগেই তেলের দাম বাড়িয়ে জনগণের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা নেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, ২৫ লাখ সরকারি চাকরিজীবীকে সামান্য সুবিধা দেওয়ার নামে ১৮ কোটি মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তেলের দাম বৃদ্ধি, বিদ্যুতের ‘ভুতুড়ে বিল’সহ বিভিন্ন ক্ষেত্রে সরকার লুটপাট চালাচ্ছে বলেও অভিযোগ করেন বুলবুল।
তিনি আরও বলেন, তার দলের দৃষ্টিতে সরকার ক্ষমতা গ্রহণের দিন থেকেই জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার সিদ্ধান্তকে তিনি ‘গণবিরোধী’ বলে মন্তব্য করেন এবং দাবি করেন, এর মাধ্যমে সরকার নিজেদের গণবিরোধী হিসেবে উপস্থাপন করেছে।
বিএনপির সমালোচনা করে বুলবুল বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে অতীত ভুলে যাওয়া ঠিক নয়। তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতা কাউকে ক্ষমতায় রাখতে পারে না।’ জনগণের বিপক্ষে গিয়ে কোনো একক আধিপত্য টেকেনি, ভবিষ্যতেও টিকবে না বলেও মন্তব্য করেন তিনি।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় মহানগরী কার্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানসহ মহানগরীর কর্মপরিষদের সদস্যরা।
এ ছাড়া মহানগরীর সব থানা ও বিভাগীয় দায়িত্বশীল নেতৃবৃন্দও সমাবেশে উপস্থিত ছিলেন।
