×

রাজশাহী

নাটোরের লালপুর

মাদক বিরোধী সংবাদ প্রকাশ, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০১:১২ পিএম

মাদক বিরোধী সংবাদ প্রকাশ, সাংবাদিককে প্রাণনাশের হুমকি

ছবি: সংগৃহীত

নাটোরের লালপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান ও অপরাধ দমন কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক সজিবুল হৃদয়। তিনি এনটিভি অনলাইনের নাটোর (লালপুর ও বাগাতিপাড়া) প্রতিনিধি।

গতকাল রোববার (২৬ এপ্রিল) দুপুরে তাঁকে এ হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। অভিযুক্ত বজলুর রহমান উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সম্প্রতি লালপুর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে শফিকুর রহমান যোগ দেওয়ার পর মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়। এরপর থেকে উপজেলাজুড়ে নিয়মিত মাদকবিরোধী অভিযান, সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি এবং অপরাধ দমনে তৎপরতা বাড়ানো হয়। এসব কার্যক্রম নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের জেরে ক্ষিপ্ত হয়ে ওই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

সজিবুল হৃদয় বলেন, “আমাকে ফোন করে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এমনকি আমার বাড়ির ঠিকানাও জেনে নিয়েছে এবং বলেছে, আমি আর বাড়ি ফিরতে পারব না।” তিনি জানান, হুমকির কলের রেকর্ড তাঁর কাছে সংরক্ষিত আছে।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা চাচ্ছে না পুলিশের তৎপরতা ও ইতিবাচক কার্যক্রম গণমাধ্যমে প্রকাশ পাক। এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে লালপুর থানায় জিডি করেছেন।

ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ উদ্দিন বলেন, “সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে হুমকি দেওয়া গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করে অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি, অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব।”

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত বজলুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “সাংবাদিককে প্রাণনাশের হুমকির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। পাশাপাশি ভুক্তভোগী সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল

পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App