×

রাজশাহী

২৬ কোটির প্রকল্প চালু হয়নি ছয় বছরেও, সেবা বঞ্চিত ৭০০ পরিবার

Icon

মো. পারভেজ সরকার, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৪:৫৮ পিএম

২৬ কোটির প্রকল্প চালু হয়নি ছয় বছরেও, সেবা বঞ্চিত ৭০০ পরিবার

ছবি: ভোরের কাগজ

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে প্রায় ২৬ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে নেওয়া পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্প ছয় বছরেও চালু হয়নি। ২০২০ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০২২ সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনো পানি সরবরাহ শুরু না হওয়ায় সংযোগ নেওয়া প্রায় ৭০০ পরিবার চরম ভোগান্তি ও হতাশার মধ্যে রয়েছে।

সরেজমিনে পৌর শহরের ধানগড়া পালপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ৬ লাখ লিটার ধারণক্ষমতার একটি জলাধারের নির্মাণকাজ প্রায় শেষ। বসানো হয়েছে পাইপলাইন, স্থাপন করা হয়েছে গ্রাহক সংযোগ ও মিটার। তবে পুরো প্রকল্পটি এখনো অচল অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্টদের দাবি, বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় পানি সরবরাহ কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না।

প্রকল্পের আওতায় দুই হাজার গ্রাহককে বিশুদ্ধ পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রায় ৭০০ পরিবার সংযোগ নিয়েছে। সংযোগ বাবদ প্রতিটি গ্রাহকের কাছ থেকে ৫২০ টাকা জামানত নেওয়া হয়েছে। এ ছাড়া প্রতি এক হাজার লিটার পানির জন্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। কিন্তু সংযোগ নেওয়ার পর বছরের পর বছর পেরিয়ে গেলেও কোনো গ্রাহক এখনো পানি পাননি।

স্থানীয় বাসিন্দা দিজেন পাল বলেন, পানি পাওয়ার আশায় টাকা জমা দিয়ে সংযোগ নিয়েছিলাম। দ্রুত সেবা চালুর আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু ছয় বছরেও কোনো সুবিধা পাইনি। শেষ পর্যন্ত নিজ খরচে সাবমার্সিবল পাম্প বসাতে হয়েছে।

গৃহবধূ ছবি পাল বলেন, বিশুদ্ধ পানির আশায় সংযোগ নিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত শুধু আশ্বাসই পেয়েছি। পরিবারের প্রয়োজন মেটাতে আলাদা নলকূপ বসাতে হয়েছে। রনজিৎ দাস বলেন, সংযোগ আছে, কিন্তু পানি নেই। দীর্ঘদিন অপেক্ষার পর নিজেরাই পানির ব্যবস্থা করেছি। এখন এই সংযোগের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে।

একই ধরনের ক্ষোভ প্রকাশ করে ভানু রাম পাল বলেন, এলাকার বেশিরভাগ মানুষ এখন নিজস্ব ব্যবস্থায় পানির সমস্যার সমাধান করেছে। ফলে এতদিন পর প্রকল্প চালু হলেও মানুষ কতটা আগ্রহী হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, দেশের ৩০টি পৌরসভায় বাস্তবায়নাধীন পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন কর্মসূচির আওতায় রায়গঞ্জ পৌরসভায় এ প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় জলাধার নির্মাণে প্রায় ১০ কোটি ৮০ লাখ টাকা, ২ হাজার ৮০০ মিটার ড্রেন নির্মাণে প্রায় ১২ কোটি টাকা এবং পাইপলাইন স্থাপনে প্রায় ৩ কোটি ৩৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। সব মিলিয়ে প্রকল্পের মোট ব্যয় প্রায় ২৬ কোটি ১৫ লাখ টাকা।

ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এন অ্যান্ড সি কেটি (জেভি) প্রকল্পটি বাস্তবায়ন করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইতোমধ্যে প্রায় ৭০ শতাংশ বিল পরিশোধ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রায়গঞ্জে বড় ধরনের পানিসংকট না থাকা সত্ত্বেও প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। দীর্ঘসূত্রতায় এখন এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রায়গঞ্জ উপজেলার উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান বলেন, বিভিন্ন প্রশাসনিক ও কারিগরি জটিলতার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। এজন্য প্রকল্পের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রকল্পের ঠিকাদার নুরুল আলম টিটু বলেন, প্রয়োজনীয় বিদ্যুৎ-সংযোগ না পাওয়ায় জলাধারটি চালু করা যাচ্ছে না। বিদ্যুৎ-সংযোগ পেলেই পানি সরবরাহ শুরু করা সম্ভব হবে। রায়গঞ্জ পৌরসভার প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, সরকার প্রয়োজনীয়তা যাচাই করেই প্রকল্পটি অনুমোদন দিয়েছে। দ্রুত প্রকল্প চালুর জন্য পৌরসভার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

এ বিষয়ে ভুইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো. নিজামুল ইসলাম বলেন, প্রকল্পে বিদ্যুৎ-সংযোগ প্রদানের কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই মিটার স্থাপন করা হবে।

প্রকল্পের মেয়াদ শেষ হতে আর বেশি সময় নেই। অথচ এখনো শুরু হয়নি পানি সরবরাহ কার্যক্রম। ফলে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এ প্রকল্প শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে, পর্যাপ্ত গ্রাহক পাওয়া যাবে কি না এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে কি না, এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রায়গঞ্জ পৌরবাসীর মনে। ছয় বছরের অপেক্ষার পরও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় স্থানীয়দের ক্ষোভ ও হতাশা ক্রমেই বাড়ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৮

ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৮

অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজ খোয়াল টাইগাররা

অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজ খোয়াল টাইগাররা

দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’

পানিসম্পদমন্ত্রী দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’

কারাগারে অভিনেতা জাহের আলভী, মৃত্যুর আগে বন্ধুদের কী বলেছিলেন স্ত্রী ইকরা

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলা কারাগারে অভিনেতা জাহের আলভী, মৃত্যুর আগে বন্ধুদের কী বলেছিলেন স্ত্রী ইকরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App