চলনবিলের পর্যটনকেন্দ্র বিলশায় ৩৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:৩৬ পিএম
ছবি: ভোরের কাগজ
নাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিলের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র বিলশায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩৬টি অবৈধ দোকান ও স্থাপনা অপসারণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁচকৈড়-বিলশা-কুন্দইল সড়কের পাশ ঘেঁষে দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে দোকানপাট ও অস্থায়ী স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করছিলেন। এতে চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পর্যটকদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ প্রদান ও মাইকিংয়ের মাধ্যমে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হলেও দখলদাররা তা উপেক্ষা করেন। পরে জনস্বার্থে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলামের নেতৃত্বে দুটি পৃথক ইউনিটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। অভিযানের মাধ্যমে সড়কের পাশের প্রতিবন্ধকতা ও অবৈধ স্থাপনা অপসারণ করায় বিলশা পর্যটন এলাকা এখন সম্পূর্ণ উন্মুক্ত হয়েছে।
তবে উচ্ছেদ হওয়া কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী পুনর্বাসনের দাবি জানিয়েছেন। তারা বলেন, সরকারি দ্বিতল বাজারে দোকান বরাদ্দের ক্ষেত্রে যেন কোনো ধরনের প্রভাব বিস্তার না হয় এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, “চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সরকারি মার্কেটে বিধি-বিধান অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকান বরাদ্দের বিষয়টিও বিবেচনা করা হবে।”
