চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১২:১৪ পিএম
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের নিউ মার্কেটের দোতলায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ৬টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মার্কেটের একটি দোকানে এই আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নিউ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের আরও ৩ থেকে ৪টি কাপড়ের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। পরবর্তীতে আগুনের ভয়াবহতা বাড়ায় শিবগঞ্জ থেকে ২টি এবং নাচোল থেকে আরও ১টি ইউনিট এসে নিয়ন্ত্রণে যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাঈদ হাসান শুভ বলেন, ‘খবর পাওয়ার পরপরই আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।’
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মোহাম্মদ মাহবুবুল ইসলাম বলেন, ‘সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আমরা আগুন লাগার বিষয়টি জানতে পারি। তারপর প্রাথমিকভাবে ৩টি ইউনিট কাজ শুরু করে। পরে শিবগঞ্জ ও নাচোল উপজেলা থেকে আরও ৩টি ইউনিট যোগ দেয়। প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং বেলা সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছি।’
