নাটোরে বাসের ধাক্কায় বাইসাইকেল চালকের মৃত্যু
কাগজ প্রতিবেদক, নাটোর
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল চালক প্রাইমারী স্কুলের পিয়ন আবু চাঁদ মোল্লার মৃত্যু হয়েছে। নিহত আবু চাঁদ মোল্লা নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুর তালতলা গ্রামের নছির উদ্দিনের ছেলে ও বাগাতিপাড়ার কাদিরাবাদ ক্যান্টর্নমেন্ট মাহমুদুল হাসান স্যাপার প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন পদে কর্মরত ছিলেন।
রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে নাটোর শহরের পিটিআই মোড় এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান, নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সকালে আবু চাঁদ মোল্লা তার বাইসাইকেল নিয়ে নাটোর শহরের তেবারিয়া হাটে যায়। হাটের কাজ শেষ করে বাইসাইকেল চালিয়ে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর গ্রামে ফিরছিলেন।
পথে নাটোর শহরের পিটিআই মোড় এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে নাটোরমুখি যাত্রী বাহী বাস পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। তবে ঘটনার পর বাস চালক বাসটি নিয়ে পালিয়ে যাওয়ায় বাসটি এখনো জব্দ বা বাসের চালককে আটক করা সম্ভব হয়নি। চালককে আটকের জন্য থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের টিম কাজ করছে। ময়না তদন্তের পর মরদেহটি নিহতের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
