এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত সাত দিন ধরে সরাসরি ফোন ও হোয়াটসঅ্যাপে এমন হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হুমকির কয়েকটি স্ক্রিনশটও প্রকাশ করেছেন মিতু। এর মধ্যে ভারতীয় নাম্বার থেকে ‘লরেন্স বিষ্ণোই’ পরিচয়ে পাঠানো হুমকির বার্তাও রয়েছে বলে স্ক্রিনশটে দেখা যায়।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে হত্যার হুমকি পাওয়ার বিষয়টি জানান এই সংসদ সদস্য। একই পোস্টে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে আবেগপ্রবণ হয়ে পড়া এবং একপর্যায়ে মেজাজ হারানোর কারণও ব্যাখ্যা করেন তিনি।
মাহমুদা মিতু লেখেন, ‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি। শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসুদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেওয়া হয়।’
