ওমরাহ ভিসায় নতুন শর্ত দিল সৌদি
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৫৭ পিএম
ফাইল ছবি
একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ থাকা ওমরাহ ভিসাধারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক বছরের জন্য বৈধ এই ভিসা থাকলেও প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের আগে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
মন্ত্রণালয় জানিয়েছে, একাধিকবার প্রবেশের সুবিধা থাকা ভিসাধারীদের ‘নুসুক’ প্ল্যাটফর্মে অনুমোদিত ওমরাহ সেবা প্রদানকারীর কাছ থেকে প্রয়োজনীয় সেবা প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদি আরবে যাওয়ার আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতিও নিতে হবে।
জুলাইয়ে চালু হওয়া মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। এই সময়ের মধ্যে ভিসাধারীরা একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে ভিসার পুরো মেয়াদে সব মিলিয়ে সর্বোচ্চ ৯০ দিন সৌদিতে অবস্থান করা যাবে।
আরও পড়ুন: ২০২৭ সালের রমজানের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওমরাহ পালনে যাত্রীদের আরও বেশি সুবিধা ও নমনীয়তা দিতে এই ব্যবস্থা চালু করা হয়েছে। তবে ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিটি সফরের জন্য আলাদাভাবে সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়ার নিয়ম থাকছে।
প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে একটি সেবা প্যাকেজ কিনতে হবে। কোনো অবস্থাতেই ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না।
এ ছাড়া সৌদি আরবে পৌঁছানোর আগেই নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পালনের অনুমতি নিতে হবে। অনুমতিপত্রে উল্লেখ করা তারিখ অবশ্যই অনুমোদিত সেবা প্যাকেজের নির্ধারিত তারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সৌদি আরবে প্রবেশ ও ভ্রমণের ক্ষেত্রে অন্যান্য সব যোগ্যতা ও শর্তও পূরণ করতে হবে।
প্রথমবার ভ্রমণে যা করতে হবে
প্রথমবার সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে নুসুক প্ল্যাটফর্মে অনুমোদিত সেবা প্যাকেজ কেনার মাধ্যমে প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর ওমরাহ ভিসার জন্য আবেদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
পরবর্তী ধাপে যাত্রীর ভ্রমণ-যোগ্যতা যাচাই করা হবে। যাচাই শেষে অনুমোদন পেলে তিনি সৌদি আরবের উদ্দেশে যাত্রা করতে পারবেন। দেশটিতে পৌঁছানোর পর তার প্রবেশের তথ্য নথিভুক্ত করা হবে এবং সৌদি আরব ছাড়ার সময় সেই তথ্য আবার হালনাগাদ করা হবে।
এর মাধ্যমে ভিসাধারী ইতোমধ্যে কত দিন সৌদিতে অবস্থান করেছেন এবং অনুমোদিত মোট ৯০ দিনের মধ্যে আরও কত দিন থাকার সুযোগ রয়েছে, তা হিসাব করা হবে।
অর্থাৎ, একাধিকবার প্রবেশের বৈধ ওমরাহ ভিসা থাকলেই পরবর্তী সফরের জন্য আর কোনো আনুষ্ঠানিকতা প্রয়োজন হবে না—বিষয়টি এমন নয়। প্রতিবার সৌদি আরবে গিয়ে ওমরাহ পালনের পরিকল্পনা থাকলে নুসুকের মাধ্যমে অনুমোদিত সেবা প্যাকেজ বুকিং এবং ওমরাহর অনুমতি নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
