×

দক্ষিণ আমেরিকা

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৪৪ এএম

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ

ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় ৭ মাত্রার বেশি শক্তিশালী পরপর দুটি ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ট্রুহিলো, কারাবোবো, মিরান্ডা ও লা গুয়াইরা রাজ্যসহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক ভবন ধসে পড়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কারাকাসের আলতামিরা এলাকার বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ও রেস্তোরাঁসমৃদ্ধ এই এলাকায় বেশ কয়েকটি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।

কারাকাসের কাছের লা গুয়াইরা এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, ভূমিকম্পে বিমানবন্দরের ব্যাপক ক্ষতি হয়েছে, যদিও সেটি পুরোপুরি ধ্বংস হয়নি। তিনি বলেন, আশপাশের বহু ভবন ধসে পড়েছে এবং বিভিন্ন সড়কে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। সড়কে ফাটল ধরায় অনেক এলাকায় যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 

আরো পড়ুন : ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ১০ হাজার প্রাণহানির শঙ্কা

মিরান্ডা রাজ্যের চাকাও অঞ্চলের মেয়র জানিয়েছেন, ভূমিকম্পে উল্লেখযোগ্যসংখ্যক হতাহতের আশঙ্কা রয়েছে। তবে তিনি এখনো কোনো নির্দিষ্ট সংখ্যা জানাননি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো বলেছেন, ভূমিকম্পে সারা দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ধসে পড়েছে এবং পরিস্থিতির পূর্ণাঙ্গ মূল্যায়ন না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা সম্ভব নয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণের মধ্যেই রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাদের প্রাথমিক মূল্যায়নে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে মাদুরোর বার্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে মাদুরোর বার্তা

একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, যা বলছেন বিশেষজ্ঞ

একদিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, যা বলছেন বিশেষজ্ঞ

ভেনেজুয়েলায় স্বাস্থ্যকর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান

ভেনেজুয়েলায় স্বাস্থ্যকর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান

ভেনেজুয়েলার পাশে থাকার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার পাশে থাকার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App