ভেনেজুয়েলায় স্বাস্থ্যকর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৯:৪৬ এএম
ছবি : সংগৃহীত
পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে ভেনেজুয়েলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কার মধ্যে স্বাস্থ্যকর্মীদের দ্রুত কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বৃহস্পতিবার (২৫ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভেনেজুয়েলার সংবাদমাধ্যম ‘এল ন্যাসিওনাল’-এর তথ্য অনুযায়ী, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ডেলসি রদ্রিগেজ বলেন, চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত সব কর্মীকে অবিলম্বে দায়িত্ব পালনে যোগ দিতে হবে। ভূমিকম্পে আহত হয়ে হাসপাতাল ও বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগে আসা মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতেই তিনি এই আহ্বান জানান।
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট বলেন, জাতীয়, প্রাদেশিক ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে জরুরি সহায়তা পাঠানো হচ্ছে।
আরো পড়ুন : ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ১০ হাজার প্রাণহানির শঙ্কা
ডেলসি রদ্রিগেজ জানান, পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি মেট্রো ও রেল চলাচল এবং অপ্রয়োজনীয় বিবেচিত বিভিন্ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। বলিভারিয়ান ন্যাশনাল গার্ডের কমান্ডার জেনারেল এ অভিযানের নেতৃত্ব দেবেন।
তিনি বলেন, রাজধানী কারাকাসের মাইকুয়েতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে বিমানবন্দরটি তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৪ মিনিটে কারাকাস থেকে প্রায় ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর রাজধানী থেকে প্রায় ২৯৩ কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
সংস্থাটি জানিয়েছে, এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তাদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। তবে এখন পর্যন্ত কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
